বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

‍‍`লুটপাটের প্রকল্প নয়‍‍` বান্দরবানে সুপেয় পানি নিশ্চিত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:৪৪ পিএম

‍‍`লুটপাটের প্রকল্প নয়‍‍` বান্দরবানে সুপেয় পানি নিশ্চিত

বান্দরবানের দুর্গম এলাকার ৫০টি পাড়ার মানুষের সুপেয় পানির দীর্ঘদিনের হাহাকার দূর হয়েছে। সরকারি উদ্যোগে ৪৫ কোটি টাকা ব্যয়ে নতুন প্রযুক্তির মাধ্যমে এই সংকট নিরসন করা হয়েছে বলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে। একসময় পাহাড়ি ছড়া ও ঝিরির কাদাযুক্ত পানিই ছিল তাদের একমাত্র ভরসা। পাহাড়ের চূড়া থেকে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিংবা হাজার ফুট নিচে নেমে পানি সংগ্রহ করতে হতো গ্রামবাসীকে। 

এতে স্থানীয় নারী ও শিশুদের দিনের বড় একটি সময় নষ্ট হতো। এখন বাড়ির পাশেই পানির কল বসানোয় তাদের জীবনের সেই নির্মম সংগ্রামের চিত্র বদলে গেছে। সদরের বাসিন্দা মাচিং মারমা ও উখ্যাই ম্যা মারমা জানান, পাড়ার সবাই এখন খুব সহজেই পানি পাচ্ছেন এবং বেঁচে যাওয়া সময় অন্য কাজে লাগাতে পারছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এই কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রান্তিক মানুষের দুর্ভোগ লাঘবে সরকার কাজ করছে। 

অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের বদলে মানুষের জন্য সরাসরি উপকারী উদ্যোগগুলো বাস্তবায়নের কথা বলেন তিনি। আগামীতে তিন পার্বত্য জেলার সব গ্রামেই সুপেয় পানি পৌঁছানোর পরিকল্পনার কথাও জানান এই প্রতিমন্ত্রী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে ও উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, দুর্গম এলাকায় গ্র্যাভিটি ফ্লো সিস্টেম, রিংওয়েল এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

এর পাশাপাশি গভীর নলকূপ বসিয়ে পানি সরবরাহ নিশ্চিত করা হয়। এছাড়া বান্দরবান পৌর এলাকায় স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন শৌচাগার নির্মাণ ও পুরোনো শৌচাগার মেরামতের কাজ চলমান রয়েছে।