রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের বড় অগ্রগতি: ফ্রিডম হাউস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০১:০৫ পিএম

ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের বড় অগ্রগতি: ফ্রিডম হাউস

যুক্তরাষ্ট্রভিত্তিক গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তদারককারী সংস্থা ফ্রিডম হাউস জানিয়েছে, বিগত কয়েক বছরের তুলনায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বৃহস্পতিবার সংস্থাটি তাদের বার্ষিক প্রতিবেদন ‘ফ্রিডম অন দ্য নেট-২০২৫’ প্রকাশ করেছে, যেখানে এই ইতিবাচক অগ্রগতির চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর মূল্যায়নে থাকা বিশ্বের ৭২টি দেশের মধ্যে ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। গত বছরের জুন থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ফ্রিডম হাউসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে একটি কর্তৃত্ববাদী সরকার।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতা গ্রহণকারী অন্তর্বর্তী সরকার ডিজিটাল ক্ষেত্রে কিছু ইতিবাচক সংস্কার এনেছে। এর ফলেই বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতা সূচক এক লাফে ৫ পয়েন্ট বেড়ে ১০০-এর মধ্যে ৪৫-এ দাঁড়িয়েছে। গত বছর এই স্কোর ছিল ৪০। গত সাত বছরের মধ্যে এটিই বাংলাদেশের সেরা অবস্থান। তবে এত উন্নতির পরেও বাংলাদেশ এখনো ‘আংশিক মুক্ত’ (Partly Free) দেশের তালিকায় রয়ে গেছে। ২০১৩ সাল থেকে দেশটি এই অবস্থানেই রয়েছে।

ইন্টারনেটে প্রবেশের বাধা, অনলাইনে প্রকাশিত বিষয়বস্তুর ওপর নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীর অধিকার লঙ্ঘন—মূলত এই তিনটি বড় বিষয়ের ওপর ভিত্তি করে মোট ২১টি সূচক ব্যবহার করে এই স্কোর নির্ধারণ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের মে মাসে সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) বাতিল করে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ (সিএসও) জারি করেছে। সিএসওতে অনলাইনে হয়রানি ও যৌন শোষণের বিরুদ্ধে সুরক্ষাসহ কিছু ইতিবাচক বিধান থাকলেও বিষয়বস্তু অপসারণ, অনলাইন বক্তব্যের জন্য ফৌজদারি শাস্তি এবং নজরদারির মতো কিছু উদ্বেগজনক নিয়ম আগের মতোই বহাল রয়েছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

বৈশ্বিক প্রেক্ষাপটে, ৯৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। অন্যদিকে মাত্র ৯ স্কোর নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে মিয়ানমার, যাকে ‘মুক্ত নয়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৫৩ ও ৫১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত, তবে উভয় দেশই ‘আংশিক মুক্ত’ ক্যাটাগরিতে রয়েছে। অন্যদিকে ২৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পেছনে ‘মুক্ত নয়’ ক্যাটাগরিতে রয়েছে পাকিস্তান।