নভেম্বর ১৯, ২০২৫, ০৬:১৪ পিএম
বর্তমান সময়ে শুধু ব্যবসা নয়, ব্যক্তিগত ব্র্যান্ড গঠন, সামাজিক উদ্যোগ কিংবা যে কোনো প্রচারণার ক্ষেত্রেই ফেসবুক পেজ একটি শক্তিশালী হাতিয়ার। অনেকে এখন ফেসবুক পেজকে অনলাইন বিক্রির (এফ-কমার্স) প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন।
তবে শুধু পেজ খুললেই জনপ্রিয়তা আসে না, বরং দর্শকের আনাগোনা বাড়ানো, তাদের আস্থা অর্জন করা এবং নিয়মিত এনগেজমেন্ট ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ।
বিশেষজ্ঞরা বলছেন, মূলত পরিকল্পনাহীন আধেয়, অগোছালো উপস্থাপনা এবং দর্শকদের চাহিদাকে গুরুত্ব না দেওয়ার কারণেই অনেক পেজের কার্যক্রম সময়ের সঙ্গে নিস্তেজ হয়ে যায়। অথচ সঠিক কৌশল ও নিয়মিত কিছু পরিবর্তন আনলে একটি ফেসবুক পেজকে খুব সহজেই জনপ্রিয় করা সম্ভব।
ফেসবুক পেজকে দ্রুত পরিচিত ও জনপ্রিয় করে তুলতে ৮টি কার্যকর কৌশল অবলম্বন করা যেতে পারে।প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসম্পন্ন ও প্রাসঙ্গিক আধেয় প্রকাশ করা। দর্শক কী পড়তে, দেখতে বা জানতে চান, সেটিই আগে বুঝতে হবে। তাদের চাহিদা অনুযায়ী তথ্যসমৃদ্ধ ও প্রাসঙ্গিক আধেয় প্রকাশ করলে এনগেজমেন্ট বাড়বে। দ্বিতীয়ত, পেজের প্রোফাইলে সঠিকভাবে তথ্য উপস্থাপন নিশ্চিত করা জরুরি। পেজের ‘About’ সেকশনে এমন সুসংগঠিত তথ্য রাখতে হবে, যা স্পষ্টভাবে ব্র্যান্ড বা কাজের উদ্দেশ্য বোঝায় এবং দর্শকের আস্থা অর্জনে সহায়তা করে।
তৃতীয় কৌশল হলো ক্রস প্রমোশন। পেজ চালুর পর পরিচিত বা জনপ্রিয় অন্য পেজ ও প্রোফাইলের মাধ্যমে প্রচার চালানো যেতে পারে। পাশাপাশি ‘Follow’ এবং ‘Share’ বাটন সহজে ব্যবহারযোগ্য করলে নতুন ফলোয়ার যুক্ত হতে উৎসাহিত হন। চতুর্থত, ফেসবুকের নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভ্রান্তিকর, ভুয়া বা নীতিমালা লঙ্ঘনকারী আধেয় পেজের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে, তাই আকর্ষণীয় আধেয় তৈরির ক্ষেত্রে অবশ্যই প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলতে হবে।
পঞ্চমত, ক্রস পেস্টিং কৌশল অবলম্বন করা উচিত। একই আধেয় শুধু ফেসবুকেই সীমাবদ্ধ না রেখে ইনস্টাগ্রামের মতো অন্য প্ল্যাটফর্মেও পোস্ট করা উচিত। এতে কনটেন্টটি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাবে এবং ব্র্যান্ডের পরিচিতি বাড়বে। ষষ্ঠত, লাইভ সেশনের মাধ্যমে সরাসরি যোগাযোগ পেজ পরিচালনার অন্যতম কার্যকর মাধ্যম। এতে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলা যায়, প্রশ্নোত্তর করা যায় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়ায় দর্শকরা পেজের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন।
সপ্তমত, বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন দর্শকদের বিরক্ত করতে পারে। তাই ফেসবুকের অ্যাড প্রেফারেন্স ব্যবহার করে দর্শকের আগ্রহ ও চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন বাছাই করা উচিত। অষ্টম ও চূড়ান্ত কৌশল হলো ফেসবুক উপাত্ত বিশ্লেষণ। ফেসবুক পেজের তথ্য বা উপাত্ত ডাউনলোড করে সহজেই বোঝা যায়, কোন ধরনের আধেয় দর্শকেরা বেশি পছন্দ করছেন। এই মূল্যবান তথ্য কাজে লাগিয়ে ভবিষ্যতের আধেয় কৌশল তৈরি করা দরকার।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন