নভেম্বর ২৫, ২০২৬, ০৭:১৫ পিএম
এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শিগগিরই দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আজহারী। পোস্টে তিনি বলেন, এক বছর বিরতির পর আট বিভাগে আবারও তার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজনগুলো সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
আজহারী বলেন, মাহফিলে সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করেন তিনি। তার মতে, কুরআন ও সুন্নাহর সার্বজনীন শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এসব আয়োজনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে এবং এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
পোস্টে আজহারী আরও বলেন, কুরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন শেখায় এবং চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল শুধু জনসমাগমের আয়োজন না হয়ে মানুষের জীবন বদলে দেওয়ার উপলক্ষ হওয়া উচিত।
পোস্টের শেষাংশে শিগগিরই সবার প্রিয় শহরে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন