রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিস্ফোরণ এড়াতে এসির যত্ন নেবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ৫, ২০২৬, ১২:৫২ পিএম

বিস্ফোরণ এড়াতে এসির যত্ন নেবেন যেভাবে

সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ না করলে এয়ার কন্ডিশনার ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চরম ক্ষেত্রে যন্ত্রটিতে বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা থাকে। নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এসির সঠিক যত্নের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

বছরে অন্তত দুই থেকে তিনবার পেশাদার টেকনিশিয়ান দিয়ে এসির সার্ভিসিং করানো উচিত। দীর্ঘদিন পরিষ্কার না করলে এর ভেতরে ধুলো, ময়লা ও ব্যাকটেরিয়া জমে যায়। এতে ঠান্ডা কমে যাওয়ার পাশাপাশি যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে। 

নিয়মিত সার্ভিসিং করালে সম্ভাব্য ত্রুটি আগে ধরা পড়ে এবং বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।প্রতি দুই থেকে চার সপ্তাহ পর পর এসির ফিল্টার পরিষ্কার করা একটি ভালো অভ্যাস। ফিল্টারে ময়লা জমলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। এর ফলে কম্প্রেসারের ওপর চাপ বাড়ে এবং যন্ত্র অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।

এসির বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করা জরুরি। ঢিলা বা ত্রুটিপূর্ণ সংযোগের কারণে শর্ট সার্কিট থেকে আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে। এ ধরনের সমস্যায় দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে মেরামত করানোর কথা বলা হয়েছে। অন্যদিকে ভোল্টেজ ওঠানামা করলে এসির কম্প্রেসার ক্ষতিগ্রস্ত হয়। যেসব এলাকায় বিদ্যুৎ সমস্যা বেশি, সেখানে স্ট্যাবিলাইজার ব্যবহার করলে ঝুঁকি অনেকটাই কমে যায়।

আউটডোর ইউনিট খোলা ও পরিষ্কার জায়গায় স্থাপন করা প্রয়োজন। আউটডোর ইউনিটে ধুলো বা আবর্জনা জমলে তাপ বের হতে বাধা পায়। এতে যন্ত্র অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি এসির রেফ্রিজারেন্ট গ্যাস লিকের দিকেও খেয়াল রাখা উচিত। অস্বাভাবিক গন্ধ বা ঠান্ডা কমে গেলে দ্রুত টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে।

একটানা দীর্ঘ সময় এসি চালালে যন্ত্রের ওপর চাপ বাড়ে। মাঝেমধ্যে বন্ধ রেখে বিশ্রাম দিলে যন্ত্রের আয়ু বাড়ে এবং ঝুঁকি কমে আসে। এছাড়া সবসময় বিশ্বস্ত ব্র্যান্ড ও অনুমোদিত সার্ভিস সেন্টারের যন্ত্রাংশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নমানের বা নকল যন্ত্রাংশ ব্যবহারে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।