মে ১১, ২০২৬, ০৭:৫৪ পিএম
ব্যক্তিগত যোগাযোগ, ছবি ও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য বর্তমান সময়ে ফেসবুক একটি অপরিহার্য মাধ্যম। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীর অজান্তেই অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট নজরদারির শিকার হতে পারে। মেটার নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, কিছু নির্দিষ্ট লক্ষণ দেখে অ্যাকাউন্টের অনাকাঙ্ক্ষিত প্রবেশ শনাক্ত করা সম্ভব।
হঠাৎ যদি ফেসবুক থেকে অচেনা ডিভাইস বা অন্য কোনো শহরের লোকেশন দেখিয়ে লগইন অ্যালার্টের সতর্কবার্তা আসে, তবে সেটি গুরুত্বের সঙ্গে নেওয়া জরুরি। নিয়মিত লগইন অ্যালার্ট চালু থাকলে এ ধরনের প্রবেশচেষ্টা দ্রুত ধরা যায়।
এ ছাড়া অ্যাকাউন্ট থেকে যদি ব্যবহারকারীর অজান্তে কোনো স্প্যাম লিংক, অদ্ভুত পোস্ট বা অপরিচিতদের কাছে মেসেজ পাঠানো হয়, তবে বুঝতে হবে অ্যাকাউন্টটি ঝুঁকির মুখে রয়েছে। এ বিষয়ে রেডিটের বিভিন্ন ব্যবহারকারীও তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
হঠাৎ লগইন করতে না পারা, পাসওয়ার্ড কাজ না করা কিংবা রিকভারি ইমেইল পরিবর্তিত হয়ে যাওয়া বড় ধরনের সতর্কসংকেত হিসেবে বিবেচিত হয়। সাইবার অপরাধীরা সাধারণত অ্যাকাউন্টে প্রবেশ করে প্রথমে পাসওয়ার্ড ও রিকভারি তথ্য বদলে দেয়। ফেসবুকের সেটিংস থেকে ‘Where You’re Logged In’ অপশনে গেলে কোন কোন ডিভাইসে অ্যাকাউন্টটি সচল আছে তা দেখা যায়। সেখানে অপরিচিত কোনো মোবাইল, ব্রাউজার বা লোকেশন দেখা গেলে দ্রুত লগআউট করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
গবেষকদের মতে, কখনো কখনো হ্যাকাররা অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা অপরিচিত অ্যাকাউন্ট ফলো করে। এর ফলে ব্যবহারকারীর পরিচিতজনরাও প্রতারণার ঝুঁকিতে পড়তে পারেন। এ ছাড়া ডিভাইস হঠাৎ স্লো হয়ে যাওয়া, অচেনা অ্যাপ ইনস্টল হওয়া কিংবা ব্যাটারি দ্রুত শেষ হওয়াও ম্যালওয়্যারের লক্ষণ হতে পারে বলে মেটা জানিয়েছে। অনেক ক্ষতিকর সফটওয়্যার ফেসবুকের তথ্য চুরি করার লক্ষ্যেই তৈরি করা হয়।
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা প্রয়োজন। এ ছাড়া অপরিচিত লিংকে ক্লিক করা এড়িয়ে চলা এবং নিয়মিত সিকিউরিটি চেকআপ করার পরামর্শ দেওয়া হয়েছে। মেটার ভাষ্য অনুযায়ী, পাবলিক কম্পিউটার ব্যবহারের পর অবশ্যই লগআউট করতে হবে এবং সন্দেহজনক ব্রাউজার এক্সটেনশন বা অ্যাপ মুছে ফেলতে হবে। একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করা এবং ভুয়া লগইন পেজে তথ্য দেওয়া ফেসবুকের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন