রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদে পাঠানোর জন্য তৈরি মানবসদৃশ রোবট উন্মোচন করলো চীন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ১২, ২০২৬, ০১:৫৮ পিএম

চাঁদে পাঠানোর জন্য তৈরি মানবসদৃশ রোবট উন্মোচন করলো চীন

চাঁদে যাবে চীনের রোবট

চন্দ্র অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট উন্মোচন করেছে চীন। এই রোবটটি চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি পরিবহন ও স্থাপনে সহায়তা করবে বলে জানানো হয়েছে।হংকংয়ের বিজ্ঞানীদের তৈরি এই রোবটটি ২০২৯ সালের ‘চাং-ই-৮’ অভিযানের অংশ হিসেবে চাঁদে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। 

এর মাধ্যমে মূলত ২০৩০ সালের মধ্যে চাঁদে মানব মিশনের লক্ষ্যকে সামনে এগিয়ে নিতে চায় চীন।হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর তৈরি এই রোবটটির ওজন প্রায় ১০০ কেজি। 

এটি মূলত চাঁদের পৃষ্ঠে সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ‘কুলি’ বা বহনকারী হিসেবে কাজ করবে। রোবটটির ওপরের অংশ মানুষের মতো নকশায় তৈরি এবং এতে দুটি হাত রয়েছে। নিচের অংশে চার চাকার একটি সৌরশক্তিচালিত মডিউল যুক্ত করা হয়েছে, যা চাঁদের বন্ধুর পৃষ্ঠে চলাচলে সহায়তা করবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, রোবটটির এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বস্তু শনাক্ত করতে, পরিবেশ বিশ্লেষণ করতে এবং নিজের কাজের পরিকল্পনা করতে সক্ষম। ফলে ভবিষ্যতের চন্দ্র মিশনে এটি বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

চীন তাদের দীর্ঘমেয়াদি মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসাও তাদের আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে ফিরে যাওয়ার জোরালো প্রস্তুতি নিচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী প্রতিযোগিতা ভবিষ্যতের চন্দ্র অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।