রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনের বেলায় ছেয়ে যাবে অন্ধকার, জানা গেল বিরল পূর্ণ সূর্যগ্রহণের তারিখ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ১১:৩১ এএম

দিনের বেলায় ছেয়ে যাবে অন্ধকার, জানা গেল বিরল পূর্ণ সূর্যগ্রহণের তারিখ

আগামী ১২ আগস্ট চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়াবে। এতে সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢাকা পড়ে পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর পৃথিবী এমন বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং তার ছায়া পৃথিবীর ওপর পড়ে, তখন পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। এ সময় নির্দিষ্ট কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণ আড়াল হতে দেখা যায়।

গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে এবারের পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এসব অঞ্চলে টোটালিটি বা সূর্য সম্পূর্ণ আড়াল হওয়ার মুহূর্তে দিনের আকাশ সাময়িকভাবে অন্ধকার হয়ে যাবে। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষবার দেখা গিয়েছিল ১৯০৫ সালে। গ্রিনল্যান্ডে দর্শকরা দুই মিনিটেরও বেশি সময় পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন। উত্তর স্পেনে এ সময়সীমা হবে প্রায় ২০ সেকেন্ড।

সূর্যের দিকে সরাসরি তাকানোর বিষয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। গ্রহণ-চশমা ছাড়া সূর্যের দিকে তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণ সানগ্লাস কোনোভাবেই এর বিকল্প নয়। নাসা আরও সতর্ক করেছে যে, গ্রহণ-চশমা পরে টেলিস্কোপ, দূরবীন বা ক্যামেরার লেন্স দিয়ে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। সূর্যের তীব্র আলো চোখের মারাত্মক ক্ষতি করতে পারে।