রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি আসন্ন বিশ্বকাপ উপলক্ষে নিয়ে এসেছে বেশ কিছু বিশেষ সুবিধা।এখন চ্যাটে ফুটবলের ইমোজি পাঠালে বা রিঅ্যাকশন দিলে পর্দায় সুন্দর অ্যানিমেশন দেখা যাবে। এবারের বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ত্রিয়ন্দার আদলে এই অ্যানিমেশন তৈরি করা হয়েছে। 

ভিডিও কলেও থাকছে বিশেষ ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল এফেক্ট।খেলার উত্তেজনা, গোল কিংবা পেনাল্টির মতো মুহূর্তগুলো প্রকাশ করতে আনা হয়েছে ফুটবল-থিমযুক্ত নতুন স্টিকার।

তথ্যের জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে ফুটবল ডিরেক্টরি। এখান থেকে ম্যাচের লাইভ স্কোর, শুরুর কাউন্টডাউন এবং হাইলাইটস খুব সহজে জানা যাবে। একইসঙ্গে মেটা এআই-এর মাধ্যমে পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের প্রোফাইল এবং কাছাকাছি কোথায় খেলা দেখানো হচ্ছে—সেসব তথ্য মুহূর্তেই পাওয়া যাবে।

সব আলোচনা ও চ্যাট আগের মতোই সম্পূর্ণ সুরক্ষিত বা এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এবারের ফুটবল উন্মাদনাকে আরও সামাজিক ও প্রাণবন্ত করে তুলতে হোয়াটসঅ্যাপ এখন পুরোপুরি প্রস্তুত।