জুন ৭, ২০২৬, ১০:২৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যকর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের লক্ষ্যে উদ্ভাবন করা হয়েছে ‘মাই ট্রি’ অ্যাপ। আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশনের তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বর্তমানে ঢাকা কলেজ ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে চলছে।বাংলাদেশে প্রতিবছর বিপুল সংখ্যক গাছ লাগানো হলেও সেগুলোর কতগুলো টিকে থাকছে, তা জানার কার্যকর ব্যবস্থা আগে ছিল না।
‘মাই ট্রি’ অ্যাপের মাধ্যমে প্রতিটি গাছের জিও-লোকেশন, রোপণের তারিখ, পরিচর্যা ও বৃদ্ধির তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে জাতীয় এই কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। প্রতিটি বৃক্ষ পাবে একটি ডিজিটাল পরিচয়।
অ্যাপটির প্রযুক্তিগত কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্বন ক্রেডিট পদ্ধতি বা ভেরা মেথডলজি অনুযায়ী তথ্য সংগ্রহ করা যায়। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে পারে।
উদ্যোগটি নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা এই প্রযুক্তিগত সমাধানকে ইতিবাচক হিসেবে দেখছেন।আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন জানিয়েছে, তারা এই অ্যাপটি প্রধানমন্ত্রীর কাছে উপহার হিসেবে দিতে আগ্রহী।
বর্তমানে ঢাকা কলেজে অ্যাপটির বিভিন্ন ফিচার ও কার্যকারিতা যাচাই করা হচ্ছে। সফলভাবে পরীক্ষণ শেষে এটি পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। প্রতিটি গাছকে বাঁচিয়ে রেখে ডিজিটাল ইতিহাস তৈরির মাধ্যমেই বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে বিশ্বাস করে সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন