জুন ৩০, ২০২৬, ০৭:৪৩ পিএম
গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মোবাইল নম্বর গোপন রেখে প্রোফাইল শেয়ার করার নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ৩০ জুন মঙ্গলবার মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এই ফিচারের বিস্তারিত কার্যপ্রণালী প্রকাশ্যে এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করেই একে অপরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।
অন্যদের সাথে যুক্ত হওয়ার জন্য এখন থেকে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম ব্যবহার করা যাবে।হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মে একটি ইউজারনেম সর্বনিম্ন ৩টি থেকে সর্বোচ্চ ৩৫টি অক্ষরের হতে পারবে। প্রথম দিকে নাম নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন সেলিব্রিটি, পাবলিক ফিগার এবং নামী সংস্থাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। চলতি বছরের শেষভাগের দিকে এই সুবিধাটি বিশ্বের সকল সাধারণ ব্যবহারকারীদের জন্য পুরোদমে চালু করা হবে বলে জানানো হয়েছে। অ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে খুব সহজেই এই নাম বুকিং করা যাবে।
এই ফিচারের নিরাপত্তা আরও বাড়াতে একটি অতিরিক্ত গোপন ইউজারনেম কি তৈরির সুবিধাও থাকবে। বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের ৩০০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং নামের পুনরাবৃত্তি এড়াতেই এই আগাম বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে। এই বিষয়ে হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট প্রধান অ্যালিস নিউটন-রেক্স জানান, এই ফিচারটি মূলত ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত যোগাযোগের তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। উল্লেখ্য, টেলিগ্রাম ও সিগন্যালের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলো অনেক আগে থেকেই এই সুবিধা দিয়ে আসছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন