জুলাই ৮, ২০২৬, ০৩:০৫ পিএম
দেশের নানা প্রান্তে ফোরজি ও ফাইভজি প্রযুক্তির বিস্তার ঘটলেও বঙ্গোপসাগর এবং দুর্গম পার্বত্য অঞ্চলে এখনও মোবাইল নেটওয়ার্কের ঘাটতি রয়েছে। উপকূল থেকে সাগরের ১৫-২০ কিলোমিটার ভেতরে গেলে কিংবা পাহাড়ের গভীরে প্রবেশ করলে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা জরুরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই সংকট দূর করতে দেশে প্রথমবারের মতো স্যাটেলাইটভিত্তিক বিশেষ ডাইরেক্ট টু সেল বা ডিটুসি মোবাইল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশে এই প্রথম মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে নেটওয়ার্ক মিলবে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের সহায়তায় এই স্যাটেলাইট মোবাইল সেবার পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য দেশের অন্যতম বেসরকারি অপারেটর বাংলালিংককে সাময়িক অনুমতি প্রদান করেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করাসহ কঠোর আটটি শর্তে অপারেটরটিকে সাময়িকভাবে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রযুক্তির ফলে কোনো প্রথাগত টাওয়ার ছাড়াই সরাসরি মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সাধারণ স্মার্টফোনে ইন্টারনেট, ভয়েস কল এবং খুদে বার্তা আদান-প্রদান করা সম্ভব হবে।
বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য এলাকায় নির্দিষ্ট কিছু গ্রাহকের হ্যান্ডসেটে এই বিশেষ প্রযুক্তির পরীক্ষা চালানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস কল এবং বার্তা আদান-প্রদানে সাফল্য পাওয়া গেছে। তবে বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি শুরু হলে সাধারণ ফোরজি সমর্থিত স্মার্টফোন দিয়েই বিশেষ প্যাকেজের আওতায় ডেটা ও ভয়েস কল সেবা ব্যবহার করা যাবে।
নিরাপত্তার কথা বিবেচনা করে গ্রাহকের অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন তৈরির কাজও প্রক্রিয়াধীন রয়েছে।সব শর্ত ও কারিগরি প্রয়োজনীয়তা পূরণ করে চলতি জুলাই মাসের মধ্যেই এই সেবা বাণিজ্যিকভাবে বাজারে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে বাংলালিংকের প্রায় ৩ কোটি ৭৭ লাখ সক্রিয় গ্রাহক রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন