রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১২:৩৫ পিএম

ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

হোয়াটসঅ্যাপ ছবি

কম্পিউটার বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেকেই লগ-ইন, মেসেজ আদান-প্রদান কিংবা ছবি-ভিডিও ডাউনলোড বা আপলোড করার ক্ষেত্রে নানা জটিলতার মুখে পড়েন। মেটার জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মের ভাষ্যমতে, এ ধরনের সমস্যার পেছনে সবচেয়ে প্রধান কারণ হিসেবে কাজ করে দুর্বল বা অস্থিতিশীল ইন্টারনেট সংযোগ।ডিভাইসটি ঠিকমতো ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলে ডেস্কটপ অ্যাপে হলুদ রঙের ব্যানারে ‍‍`কম্পিউটার নট কানেক্টেড‍‍` বার্তা দেখা যায়।

এমন পরিস্থিতিতে প্রথমেই ইন্টারনেট সংযোগ ভালোভাবে পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সংযোগ স্বাভাবিক থাকার পরও যদি একই সমস্যা বজায় থাকে, তবে কয়েকটি সাধারণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথমে ডেস্কটপ অ্যাপটি সম্পূর্ণ বন্ধ করে পুনরায় চালু করা দরকার। এরপরও কাজ না হলে অ্যাকাউন্ট থেকে লগ-আউট করে আবার লগ-ইন করা যেতে পারে।

প্রয়োজনে অ্যাপটি সম্পূর্ণ আনইনস্টল করে নতুন করে ডাউনলোড করে নিতে পারেন ব্যবহারকারীরা।পাশাপাশি কম্পিউটারটি একবার বন্ধ করে অন্তত ত্রিশ সেকেন্ড অপেক্ষা করে পুনরায় চালু করলেও অনেক সময় নেটওয়ার্ক সংযোগের এই জটিলতা দূর হয়। করপোরেট অফিস, বিশ্ববিদ্যালয় বা জনবহুল পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রেও অনেক সময় সার্ভারে সংযোগ স্থাপনে সমস্যা তৈরি হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে বিকল্প কোনো নেটওয়ার্ক কিংবা মোবাইল হটস্পট ব্যবহার করে দেখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

কিছু নেটওয়ার্কে হোয়াটসঅ্যাপের ট্রাফিক ব্লক বা বন্ধ থাকায় এই ধরনের কারিগরি বাধার সৃষ্টি হয়।তাই সংশ্লিষ্ট নেটওয়ার্কের সেটিংসে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ডোমেইনের ট্রাফিক অনুমোদন করার ব্যবস্থা রাখা উচিত। সর্বোপরি, যেকোনো ধরনের সুরক্ষা ঝুঁকি ও নিরবচ্ছিন্ন সেবার অভিজ্ঞতা নিশ্চিত করতে অ্যাপটির সর্বদা সর্বশেষ বা আপডেট সংস্করণ ব্যবহার করার ওপর জোর দিয়েছে প্ল্যাটফর্মটি।