আগস্ট ১১, ২০২৬, ১০:৪১ এএম
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের মনিটাইজেশন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নতুন এই নীতিমালায় বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে নির্মাতাদের আগের তুলনায় দ্বিগুণ দর্শকসংখ্যা বা দেখার সময় প্রয়োজন হবে বলে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে আগামী বছরটি কনটেন্ট নির্মাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হতে চলেছে।
বিজ্ঞাপন থেকে আয় পেতে হলে গত এক বছরে অন্তত আট হাজার ঘণ্টা ভিডিও দেখার সময় থাকতে হবে।নতুন নিয়ম অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপনের আয় সচল রাখতে গত বারো মাসে অন্তত আট হাজার ঘণ্টা ভিডিও ওয়াচটাইম প্রয়োজন হবে। এর বিকল্প হিসেবে গত নব্বই দিনে দুই কোটি যোগ্য শর্টস ভিডিও ভিউ থাকার শর্ত দেওয়া হয়েছে। বর্তমানে এই সীমা চার হাজার ঘণ্টা ওয়াচটাইম এবং নব্বই দিনে এক কোটি শর্টস ভিউ নির্ধারণ করা আছে। তবে চ্যানেলগুলোর জন্য এক হাজার সাবস্ক্রাইবার বা গ্রাহক থাকার পূর্বের শর্ত অপরিবর্তিত থাকছে।
এই পরিবর্তন নতুন নির্মাতাদের পাশাপাশি পূর্বে মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলোর ওপরও প্রভাব ফেলবে। শর্টস ভিডিও থেকে নিয়মিত আয় চালিয়ে যেতে হলে নব্বই দিনে অন্তত এক কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে। কোনো কারণে শর্টস ভিউ এই নির্ধারিত সীমার নিচে নেমে গেলে সাময়িকভাবে শর্টস থেকে আয় বন্ধ থাকবে, তবে পরবর্তীতে ভিউ আবার প্রয়োজনীয় মাপে পৌঁছালে তা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে।
ছোট নির্মাতাদের জন্য কিছু সুযোগ রাখা হলেও ২০১৮ সালের পর এই প্রথম প্ল্যাটফর্মটি এত বড় পরিবর্তন আনছে। বর্তমানে প্রতিদিন প্ল্যাটফর্মটিতে বিশ হাজার কোটির বেশি শর্টস দেখা হয়, যা আগের তুলনায় বহুগুণ বেশি। নতুন নিয়মের আওতায় প্রিমিয়াম লাইট সেবা চালুর পাশাপাশি সাবস্ক্রিপশন আয়ের বড় একটি অংশ নির্মাতাদের জন্য বরাদ্দ রাখার পরিকল্পনাও করা হয়েছে।
তথ্যসূত্র: ইউটিউব অফিসিয়াল ব্লগ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন