সেপ্টেম্বর ২, ২০২৬, ০৩:৫৭ পিএম
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করেছে। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও সাজিয়ে নিতে পারবেন। সাধারণ থিমের পাশাপাশি চ্যাট ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহারের সুবিধাও যুক্ত করা হয়েছে।
ব্যবহারকারীদের সুবিধার জন্য থিমগুলোকে পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক পোর্টালের তথ্যমতে, এই থিমগুলো ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল—এই পাঁচটি ভাগে সাজানো রয়েছে। ফিচারড বিভাগে প্ল্যাটফর্মটির ডিজাইন টিমের বাছাই করা থিমগুলো রাখা হয়েছে এবং প্রকৃতির দৃশ্য পছন্দকারীদের জন্য রয়েছে নেচার বিভাগ।
অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহারের জন্য লাইভ বিভাগ নির্ধারণ করা হয়েছে এবং সাদামাটা রূপের জন্য রয়েছে মিনিমাল ক্যাটাগরি। এছাড়া নিজস্ব পরিচিত নকশা নিয়ে সাজানো হয়েছে ডুডল বিভাগ।
কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, তা থাম্বনেইলের ডান পাশে থাকা ছোট লাইভ চিহ্ন দেখে সহজে শনাক্ত করা যাবে। ফিচারটি বর্তমানে ধাপে ধাপে পৌঁছানো হচ্ছে বলে অ্যাপ হালনাগাদ করার পরও সকল আইফোন ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে নতুন সুবিধাটি নাও দেখতে পারেন। সংশ্লিষ্টদের ধারণা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে সকল আইফোন ব্যবহারকারীর জন্য এই চ্যাট থিম উন্মুক্ত করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন