নভেম্বর ৩০, ২০২৬, ০১:৪৮ এএম
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর পথে রওনা হয়েছে শেনঝো-২৩ মহাকাশযান। সঙ্গে রয়েছেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিসহ তিন নভোচারী। পাঁচ দিন স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন তাঁরা।
রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ৪২ মিনিটে (বাংলাদেশ সময়) তিয়ানগং স্টেশন থেকে বিচ্ছিন্ন হয় শেনঝো-২৩। এরপর নিয়ন্ত্রিত পথে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উত্তর চীনের ডংফেং অবতরণস্থলে নামবে মহাকাশযানটি। স্টেশন ছাড়া থেকে অবতরণ পর্যন্ত সময় লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
মুহাম্মদ জিশান আলি চীনের মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী। তিনিই প্রথম পাকিস্তানি, যিনি কক্ষপথে গেছেন। পাকিস্তান বিমানবাহিনীর উইং কমান্ডার জিশান আলি এই মিশনে পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। কক্ষপথে থাকাকালীন জীববিজ্ঞান ও বস্তুবিজ্ঞান নিয়ে চীন ও পাকিস্তানের যৌথ চারটি পরীক্ষা চালিয়েছেন তিনি।
জিশান আলির সঙ্গে ফিরছেন শেনঝো-২৩ মিশনের দুই নভোচারী। ঝাং ঝিউয়ান ফিরতি মিশনের কমান্ডারের দায়িত্বে রয়েছেন। লাই কা-ইং হংকংয়ের প্রথম নভোচারী এবং চীনের চতুর্থ নারী মহাকাশচারী।
গত ২৫ নভেম্বর শেনঝো-২৪ মহাকাশযানে করে তিয়ানগংয়ে পৌঁছান জিশান আলি। তাঁর সঙ্গে ছিলেন চীনা নভোচারী তাং হংবো ও উ ই। কোনো বিদেশি নভোচারীকে নিয়ে চীনের এটিই প্রথম মানববাহী মিশন। লং মার্চ-২এফ রকেটে করে উত্তর-পশ্চিম চীনের জিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সকাল ৮টা ১৮ মিনিটে (বেইজিং সময়) যাত্রা শুরু করে মহাকাশযানটি।
মিশনে যাওয়ার আগে মঙ্গলবার জিয়াইয়ুগুয়ানে এক সংবাদ সম্মেলনে জিশান আলি বলেন, মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে সাহায্য করায় চীনা সরকারের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, কয়েক মাস আগে চীনের নভোচারী কেন্দ্রে পৌঁছানোর সময় ২৫ কোটি পাকিস্তানির আশা তাঁর সঙ্গে ছিল।
তিনি বলেন, এই উড্ডয়নের পর যা আসবে, সেটাই উড্ডয়নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, এই মিশন শেষ লাইন নয়, এটি একটি উৎক্ষেপণ মঞ্চ। চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার পরের অধ্যায় এক নভোচারী, এক উড্ডয়ন থেকে একাধিক যৌথ উড্ডয়নে, চাঁদ, মঙ্গল ও তারও দূরে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার জিশান আলির যাত্রার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, পাকিস্তান তারারও ওপারে যাত্রা শুরু করেছে। তাঁর ভাষায়, এই মিশন শুধু এক নভোচারীর নয়, ২৪ কোটি পাকিস্তানির, বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিজ্ঞানীদের।
ফেরার আগের দিন শনিবার তিয়ানগং স্টেশনে কক্ষপথে হস্তান্তর অনুষ্ঠান হয়। শেনঝো-২৩ ও শেনঝো-২৪ মিশনের নভোচারীরা এতে অংশ নেন। শেনঝো-২৩ মিশনের নভোচারী ঝু ইয়াংঝু অবশ্য স্টেশনেই থাকছেন। এক বছর মেয়াদি অবস্থান পরীক্ষার অংশ হিসেবে তিনি এরই মধ্যে ছয় মাস কক্ষপথে কাটিয়েছেন। শেনঝো-২৪ মিশনে কমান্ডার তাং হংবো ও নভোচারী উ ইয়ের সঙ্গে স্টেশনে থাকবেন তিনি।
ফিরতি দলের সব নির্ধারিত কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ)। সংস্থাটি জানিয়েছে, তিয়ানগং থেকে পৃথিবীর জন্য রহস্যময় উপহার নিয়ে ফিরছেন তাঁরা। ডংফেং অবতরণস্থলসহ সংশ্লিষ্ট সব ব্যবস্থা নভোচারীদের স্বাগত জানানোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।
জিশান আলির এই সফরের পেছনে রয়েছে দুই দেশের দীর্ঘ মহাকাশ সহযোগিতা। পাকিস্তান মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) ও সিএমএসএ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সহযোগিতা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী দুজন পাকিস্তানি চীনে প্রশিক্ষণ নেবেন এবং একজন তিয়ানগং মিশনে যোগ দেবেন। গত এপ্রিলে প্রশিক্ষণের জন্য জিশান আলি ও খুররম দাউদ নির্বাচিত হন। শেষ পর্যন্ত মিশনে যান জিশান আলি।
চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতা শুরু ১৯৯০-এর দশকের গোড়ায়, চীনের উৎক্ষেপণ করা পাকিস্তানি উপগ্রহ দিয়ে। চীনা নভোচারীদের প্রায় ছয় মাসের পালার তুলনায় জিশান আলির পাঁচ দিনের থাকা অনেক কম। তবু পাকিস্তানে এই মিশন নিয়ে ব্যাপক উদযাপন চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন