সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬,
বিশ্ব সংবাদ

এশিয়ার বৃহত্তম এআই ডেটা সেন্টার গড়ছে দক্ষিণ কোরিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৬, ০২:২১ এএম

এশিয়ার বৃহত্তম এআই ডেটা সেন্টার গড়ছে দক্ষিণ কোরিয়া

ডেটা সেন্টারের সার্ভার কক্ষ। প্রতীকী ছবি।

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের শহর ডংহেতে এশিয়ার বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হয়েছে। দেশটির অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী জিএস গ্রুপ এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করছে। পুরো ক্যাম্পাসের ক্ষমতা হবে ২ দশমিক ৪ গিগাওয়াট। চালু হলে এটি হবে এশিয়ার একক বৃহত্তম এআই অবকাঠামো।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাংওন প্রদেশের ডংহে শহরের বুকপিয়ং দ্বিতীয় সাধারণ শিল্প কমপ্লেক্সে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তাঁর সঙ্গে ছিলেন জিএস গ্রুপের চেয়ারম্যান হো তে-সু, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বে কিয়ং-হুনসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা। প্রায় ২৭০ জন অতিথি অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, এআই প্রযুক্তির দৌড় জাতীয় পর্যায়ে একটি নীরব যুদ্ধে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, এই অভূতপূর্ব দৌড়ে এক ধাপ পিছিয়ে পড়লে কোনো দেশকে অনির্দিষ্টকাল নেতাদের পেছনে ছুটতে হতে পারে। আর এক ধাপ এগিয়ে থাকলে সেই দেশই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।

তিনি বলেন, সরকার তার সব সক্ষমতা কাজে লাগাবে, যাতে দক্ষিণ কোরিয়া বিশ্বমান নির্ধারণকারী ও পথ দেখানো শীর্ষ দেশ হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, এই ডেটা সেন্টার বিশ্বের বড় কোম্পানিগুলোর প্রাথমিক বিনিয়োগ আকর্ষণের অনুঘটক হিসেবে কাজ করবে।

জিএস গ্রুপের চেয়ারম্যান হো তে-সু বলেন, জিএস এখানে বিশ্বমানের এআই ডেটা সেন্টার গড়ে কোরিয়ার এআই যুগের বৈশ্বিক কেন্দ্রে উঠে আসার সূচনা করতে চায়। তাঁর ভাষায়, ডংহে সূর্যোদয় দেখার সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে পরিচিত। সামনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যাতে এটি শুধু সূর্যোদয় দেখার গন্তব্য নয়, এআই শিল্পের ভবিষ্যৎ দেখার জায়গা হয়।

তিনি বলেন, এআই অবকাঠামো যাতে অঞ্চলের সঙ্গে হাতে হাত ধরে এগিয়ে যায়, এমন একটি দৃষ্টান্ত গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

প্রকল্পটি দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রতিটি ধাপের ক্ষমতা ১ দশমিক ২ গিগাওয়াট। এখন নির্মাণ শুরু হওয়া ডংহে কেন্দ্রটি প্রথম ধাপের অংশ। প্রথমে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র ২০২৮ সালের দ্বিতীয় প্রান্তিকে শেষ হবে। এরপর ধাপে ধাপে বাকি স্থাপনাগুলো শেষ করে ২০২৯ সালে পুরো প্রথম ধাপ চালু করার লক্ষ্য রয়েছে।

বিনিয়োগের অঙ্কও বিশাল। গত সেপ্টেম্বরে জিএস গ্রুপ প্রথম ধাপের জন্য ১৫ ট্রিলিয়ন ওন (১ হাজার ১২০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। পুরো ২ দশমিক ৪ গিগাওয়াট ক্যাম্পাস নির্মাণে ব্যয় হবে প্রায় ৩০ ট্রিলিয়ন ওন। আর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ও মেমোরি চিপের ব্যয় যোগ করলে মোট অঙ্ক ১২০ ট্রিলিয়ন ওন (৮ হাজার ৯৭৯ কোটি ডলার) পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে কোম্পানি।

এই প্রকল্প দক্ষিণ কোরিয়া সরকারের গত জুনে ঘোষিত তিনটি বড় মেগা প্রকল্পের একটি। অন্য দুটি হলো অর্ধপরিবাহী ও ভৌত এআই। তিন প্রকল্পের মধ্যে গিগাওয়াট মাপের ডেটা সেন্টারের নির্মাণকাজ এটাই প্রথম শুরু হলো।

আকারের দিক থেকে ডংহে ক্যাম্পাস এশিয়ার অন্য বড় প্রকল্পগুলোকে ছাড়িয়ে যাবে। ভারতের অন্ধ্রপ্রদেশে গুগলের ১ গিগাওয়াট ক্যাম্পাস ও এয়ারট্রাংকের মোট ১ দশমিক ৮ গিগাওয়াটের দুটি ক্যাম্পাসের চেয়ে এটি বড় হবে।

এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে ও চালাতে বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি দরকার হয়। সেই চাহিদা মেটাতেই বিশ্বজুড়ে বড় বড় ডেটা সেন্টার গড়ে উঠছে। ডংহে ক্যাম্পাস সেই দৌড়ে দক্ষিণ কোরিয়াকে সামনের সারিতে নিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে জিএস গ্রুপের বিশেষ ইউনিট জিএস এআই ইনফ্রা। এই ইউনিট গোষ্ঠীর জ্বালানি ও নির্মাণ খাতের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। যন্ত্রপাতি, নকশা ও পরিচালনায় সহযোগী হিসেবে থাকছে এলএস ইলেকট্রিক, পসকো, এলজি ইউপ্লাস ও হানিওয়েল টেকনোলজিস।

স্থানীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের সুবিধা যাতে স্থানীয় চাকরি ও ব্যবসায় পৌঁছায়, সে জন্য জিএস গ্রুপ ডংহে শহরের সঙ্গে একটি পরিষদ গঠন করেছে। প্রথম ধাপের নির্মাণকাজে মোট ৭০ হাজার শ্রমিকের প্রয়োজন হবে। আর চালু হওয়ার পর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরও ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

জিএস গ্রুপের এক কর্মকর্তা বলেন, পরিশোধন ও জ্বালানি থেকে শুরু করে নির্মাণ ও খুচরা ব্যবসা পর্যন্ত নানা খাতে স্থানীয় সম্প্রদায়ের পাশে থেকে বেড়ে উঠেছে জিএস। তিনি বলেন, এই প্রকল্প ডংহের ভবিষ্যৎ একসঙ্গে গড়ার একটি সত্যিকারের সুযোগ হয়ে উঠুক, সেটাই তাঁরা চান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই প্রকল্প হবে গাংওন অঞ্চলের প্রথম মেগা প্রকল্প। এটি আঞ্চলিক অর্থনীতিতে নতুন প্রবৃদ্ধি ও প্রাণশক্তির মূল চালক হিসেবে কাজ করবে।