রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প-মামদানি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১০:৩৭ এএম

পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প-মামদানি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় শুক্রবার বৈঠকের পর বিপরীত মেরুর এই দুই রাজনীতিক একে অপরের প্রশংসা করেছেন।

তারা একটি ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সফল প্রচারণা চালানো এবং জীবনযাত্রার ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়ায় মামদানির প্রশংসা করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো,

ট্রাম্প অতীতে এই মুসলিম রাজনীতিককে 'জিহাদি' আখ্যা দিয়েছিলেন এবং তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছিলেন।

নিউ ইয়র্কে বেড়ে ওঠা ট্রাম্প বলেন, "আমরা মাত্র একটি দুর্দান্ত বৈঠক করেছি, সত্যিই একটি ফলপ্রসূ বৈঠক। আমাদের মধ্যে একটি মিল রয়েছে; আমরা চাই আমাদের এই ভালোবাসার শহর আরো ভালো করুক।" তিনি আরও বলেন, "মামদানি একটি অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রতিদ্বন্দ্বীদের সহজেই পরাজিত করেছেন।"অন্যদিকে মামদানিও ট্রাম্পের সঙ্গে বৈঠকের গুরুত্ব স্বীকার করেন। বাড়িভাড়া, জীবনযাত্রার ব্যয়ের মতো বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার কথা জানিয়ে নিউ ইয়র্ক সিটির এই নবনির্বাচিত মেয়র বলেন,

"আমি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কদর করছি। তিনি যেমনটি বলেছিলেন, এটি একটি ফলপ্রসূ বৈঠক ছিল। বৈঠকে আমাদের পারস্পরিক ভালোবাসার জায়গা নিউ ইয়র্ক সিটি গুরুত্ব পেয়েছে।" মামদানি একজন ডেমোক্র্যাট সমাজতান্ত্রিক রাজনীতিক, যিনি নিউ ইয়র্ককে বিশ্বজুড়ে মানুষের সমন্বয়ে গঠিত সম্প্রদায় আখ্যা দিয়েছিলেন এবং ফিলিস্তিনি অধিকারের পক্ষে সরব ছিলেন। এটি ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

কারণ ট্রাম্প অভিবাসীদের একটি বিপজ্জনক অভ্যন্তরীণ হুমকি হিসেবে চিত্রিত করেছেন এবং মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের চাপ সৃষ্টি করেছিলেন। ট্রাম্পের সঙ্গে মতবিরোধের বিষয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন, মতবিরোধ সত্ত্বেও তারা পারস্পরিক লক্ষ্য অর্জনে কাজ করবেন। তিনি বলেন, "আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি নিজেদের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে খুবই সচেতন। প্রেসিডেন্টের যে দিকটা আমার ভালো লাগে, তা হলো আমরা মতবিরোধের জায়গায় নয়, বরং নিউ ইয়র্কবাসীর সেবার বিষয়ে দৃষ্টি দিয়েছি।"