বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৫০ এএম

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার (৬ ডিসেম্বর) রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এই শক্তিশালী কম্পন আলাস্কা এবং প্রতিবেশী কানাডার ইউকন সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছিল।ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি একটি প্রত্যন্ত এলাকায় অনুভূত হয়।

তবে স্বস্তির খবর হলো, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে হয়েছিল।কানাডার হোয়াইটহর্স পুলিশ জানিয়েছে, ভূমিকম্প অনুভূত হওয়ার পর জরুরি নম্বরে কয়েকটি কল আসে।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের ঘর কেঁপে ওঠা এবং তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। ইউএসজিএস নিশ্চিত করেছে যে মূল ভূমিকম্পের পর একই এলাকায় বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে। আন্তর্জাতিক মহলে এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।