ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:১৪ পিএম
ভারতের ওড়িশা রাজ্যে বিমানের রানওয়েতে বসে হাজার হাজার চাকরিপ্রার্থীর সরকারি পরীক্ষার দেওয়ার একটি বিরল ও বিস্ময়কর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১৬ ডিসেম্বর ওড়িশার সম্বলপুর জেলায় এই অভূতপূর্ব ঘটনাটি ঘটে।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ওড়িশা পুলিশে 'হোমগার্ড' পদে নিয়োগের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মাত্র ১৮৭টি শূন্যপদের বিপরীতে পরীক্ষায় অংশ নিতে উপস্থিত হন প্রায় ৮ হাজার চাকরিপ্রার্থী।
এতো বিপুল সংখ্যক প্রার্থীর জন্য কোনো হল বা শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত বসার ব্যবস্থা করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি কর্তৃপক্ষের পক্ষে। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে স্থানীয় একটি এয়ারস্ট্রিপ বা ছোট বিমানের রানওয়েতে সারি বেঁধে বসিয়ে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়।ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে দেশে ক্রমবর্ধমান বেকারত্ব ও কর্মসংস্থান সংকটের চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখছে।
তারা বলছে, সাধারণ একটি পদের জন্য মানুষের এই হাহাকার ও দুর্ভোগ প্রশাসনের ব্যর্থতা।সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, হোমগার্ড পদে চাকরির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি নির্ধারণ করা থাকলেও পরীক্ষায় অংশ নেওয়াদের একটি বড় অংশই ছিলেন উচ্চমাধ্যমিক বা স্নাতক পাশ। ভালো চাকরির অভাবে উচ্চশিক্ষিত তরুণদের এভাবে রানওয়েতে বসে প্রাথমিক স্তরের চাকরির পরীক্ষা দেওয়ার দৃশ্যটি ভারতে শিক্ষিত বেকারদের বর্তমান করুণ দশাকেই ফুটিয়ে তুলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন