শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভারতে লক্ষাধিক টাকার বাংলাদেশি নোট উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৩০ পিএম

ভারতে লক্ষাধিক টাকার বাংলাদেশি নোট উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রায়গঞ্জ শহরের উপকণ্ঠের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে ২ টাকার মোট ৬০ হাজারটি নতুন ও অব্যবহৃত নোট জব্দ করা হয়।

উদ্ধারকৃত এই নোটগুলোর মোট বাজারমূল্য ১ লাখ ২০ হাজার বাংলাদেশি টাকা।অভিযানের বিবরণ: রায়গঞ্জ কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের একটি বিশেষ দল ঠাকুরবাড়ি এলাকায় অবস্থান নেয়।

এ সময় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়।

কিন্তু যুবকরা না থেমে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কাস্টমস কর্মকর্তারা তাদের ধাওয়া করলে পাচারকারীরা রাস্তার ওপর বাংলাদেশি মুদ্রার বান্ডিলগুলো ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।চাঞ্চল্যকর তথ্য: রায়গঞ্জ কাস্টমস বিভাগের সুপারিনটেনডেন্ট অনুজ কুমার দাস জানান, পালিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে একজনের পরনে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারের পোশাক ছিল। এর আগে রায়গঞ্জ কাস্টমস ডিভিশনে কখনো এত বড় অঙ্কের বাংলাদেশি মুদ্রা উদ্ধারের ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত নোটগুলো একেবারেই নতুন এবং কোনো ভাঁজ বা ব্যবহারের চিহ্ন নেই।

কেন পাচার হচ্ছে ২ টাকার নোট? সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার ভেতরে এই বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে কাস্টমস ও গোয়েন্দা বিভাগ। সাধারণত ভারতের মাদকাসক্তদের মধ্যে বাংলাদেশি ২ টাকার নোটের ব্যাপক চাহিদা রয়েছে। মাদক সেবনের সরঞ্জাম হিসেবে এই নোটগুলো ব্যবহারের চল থাকায় প্রায়ই এগুলো পাচার হয়। তবে এই নির্দিষ্ট চালানের পেছনে অন্য কোনো বড় পাচারচক্র বা জাল নোটের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।