ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৫৬ এএম
শক্তিশালী শীতকালীন তুষারঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন। বিশেষ করে নিউ জার্সি ও নিউ ইয়র্কের বিশাল এলাকা বরফের নিচে চাপা পড়ায় সংশ্লিষ্ট অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ (NWS) জানিয়েছে।
নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সিটি হয়ে দক্ষিণ কানেকটিকাট পর্যন্ত কয়েক ইঞ্চি পুরু তুষারপাতের পূর্বাভাস রয়েছে। খবর ফক্স নিউজের।
স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকেই শুরু হওয়া এই বৃষ্টি, তুষারপাত এবং বরফ পড়া শনিবার ভোর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সোয়া ৮টা পর্যন্ত নিউ ইয়র্কের পাওলিং ও ওলকটে ৭ ইঞ্চি এবং কানেকটিকাটের ওয়াটারবারিতে সাড়ে ৬ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। এই ঘোষণা নিউইয়র্ক সিটির পাঁচটি বরোসহ মোট ৩৬টি কাউন্টিতে কার্যকর থাকবে। পূর্বাভাস অনুযায়ী, মিড-হাডসন ও লং আইল্যান্ড এলাকায় বরফের স্তর ১ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।
তীব্র বাতাসের সাথে এই তুষারপাতের ফলে সড়ক দুর্ঘটনা এবং বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে ঘরে থাকার এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলো বরফ পরিষ্কারের কাজ চালিয়ে গেলেও তুষারপাত অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন