রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পারমাণবিক শক্তি ‘সীমাহীনভাবে’ বাড়ানোর নির্দেশ কিমের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:২৯ পিএম

পারমাণবিক শক্তি ‘সীমাহীনভাবে’ বাড়ানোর নির্দেশ কিমের

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক চাপের তোয়াক্কা না করে উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধক্ষমতা ‘সীমাহীন ও ধারাবাহিকভাবে’ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার (২৮ ডিসেম্বর) দীর্ঘপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি শেষে তিনি এই ঘোষণা দেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ (KCNA) জানিয়েছে, কিম জং উনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সমুদ্রপথ ধরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

পরীক্ষার নিখুঁত ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন কিম। তিনি জানান, দেশের নিরাপত্তা নিশ্চিতে পারমাণবিক প্রতিরোধক্ষমতার নিয়মিত পরীক্ষা করা একটি ‘দায়িত্বশীল পদক্ষেপ’।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রোববার সকালে পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে তাদের সেনাবাহিনী। সিউলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, বছরের শেষ দিকে উত্তর কোরিয়া আরও বড় ধরনের উসকানি বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি কিম জং উন নির্মাণাধীন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পরিদর্শন করেন।

তিনি স্পষ্ট করে বলেন, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনা পিয়ংইয়ংয়ের জন্য বড় হুমকি এবং এর জবাব দেওয়া হবে। উত্তর কোরিয়া বর্তমানে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি গুরুত্বপূর্ণ কংগ্রেস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে আগামী পাঁচ বছরের সামরিক ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে। কিমের সাম্প্রতিক এই কঠোর অবস্থান নির্দেশ করছে যে, ২০২৬ সালেও পিয়ংইয়ং তাদের সামরিক শক্তি বৃদ্ধির পথেই হাঁটবে।