জানুয়ারি ২০, ২০২৬, ১১:৪২ এএম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এক নজিরবিহীন নাটকীয়তায় একটি সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে তার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার জানিয়েছে যে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সঙ হোকে তার পদ থেকে “তাৎক্ষণিকভাবে” পদচ্যুত করা হয়েছে।
কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে কিম বলেন, প্রশাসনের অনেকে দীর্ঘকাল ধরে “দায়িত্বহীনতা, অভদ্রতা, অযোগ্যতা এবং পরাজয়বাদে” অভ্যস্ত হয়ে পড়েছে। কিম জং উন তার স্বভাবজাত কঠোর ভাষায় মন্তব্য করেন, ইয়াং সঙ হো এই ভারী দায়িত্ব পালনের যোগ্যই নন।
কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়াকে কটাক্ষ করে তিনি বলেন, এটি নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় ভুল—সহজভাবে বললে, ওক্স বা বলদের কাজ করার কথা যেখানে, সেখানে গাড়ি বেঁধে দেওয়া হয়েছে ছাগলের পিঠে।
ইয়াং সঙ হো এর আগে উত্তর কোরিয়ার যন্ত্রপাতি শিল্পমন্ত্রী ছিলেন এবং পরে পদোন্নতি পেয়ে উপপ্রধানমন্ত্রী হিসেবে ওই খাতের দায়িত্ব পান। এছাড়া তিনি দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব পরিষদের বিকল্প সদস্যও ছিলেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, কিম জং উনের এই কঠোর পদক্ষেপ কর্মকর্তাদের মধ্যে ভীতি ও শৃঙ্খলার বার্তা দেওয়ার একটি কৌশল।
তবে ইয়াংয়ের উত্তরসূরি হিসেবে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করা হয়নি। কিমের এমন প্রকাশ্যে তিরস্কার ও বরখাস্তের ঘটনা উত্তর কোরিয়ার রাজনীতিতে বিরল না হলেও, তার রূপকধর্মী কড়া সমালোচনা আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন