সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ১১:২৬ এএম

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার রেশ এবার আকাশপথেও দীর্ঘায়িত হলো। পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, ভারতীয় নিবন্ধিত সকল বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। 

নতুন এই নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পিএএ-এর প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, ভারতের নিবন্ধিত সকল বেসামরিক ও সামরিক বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আওতায় ভারতীয় বিমান সংস্থাগুলোর নিজস্ব মালিকানাধীন, পরিচালিত কিংবা লিজ নেওয়া কোনো বিমানই পাকিস্তানের আকাশসীমা দিয়ে উড়াল দিতে পারবে না। 

এর আগে গত মাসেও এই নিষেধাজ্ঞার মেয়াদ ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছিল ইসলামাবাদ। কূটনৈতিক পর্যায়ে নানা আলোচনা ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্তে যুদ্ধবিরতি চললেও আকাশপথ উন্মুক্ত করার বিষয়ে কোনো নমনীয়তা দেখায়নি পাকিস্তান।এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় এয়ারলাইনসগুলোর ওপর তীব্র আর্থিক ও পরিচালনাগত চাপ তৈরি হয়েছে। সাধারণত ভারতের দিল্লি বা মুম্বাই থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলো পাকিস্তানের ওপর দিয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাত। 

কিন্তু আকাশপথ বন্ধ থাকায় এখন ভারতীয় বিমানগুলোকে দীর্ঘ পথ ঘুরে আরব সাগর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রার সময় অন্তত ২ থেকে ৩ ঘণ্টা বেড়ে গেছে এবং বিপুল পরিমাণ অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতের এভিয়েশন সেক্টরের জন্য বড় ধরনের ধাক্কা। দীর্ঘ পথ ঘুরে যাওয়ার কারণে টিকিটের দামও সাধারণ যাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। 

পাকিস্তানের এমন সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে দুই দেশের সম্পর্কের শীতলতা আরও স্পষ্ট হয়ে উঠল। ভারতের পক্ষ থেকে আকাশপথ খুলে দেওয়ার জন্য ইতিপূর্বে একাধিকবার দাবি জানানো হলেও পাকিস্তান নিরাপত্তা ও কৌশলগত কারণ দেখিয়ে বারবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েই চলেছে।