রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৫৭ এএম

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহর। শুক্রবার (২৩ জানুয়ারি) হাড়কাঁপানো শীত এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা মূলত ট্রাম্পের গণ-বিতাড়ন এবং অভিবাসন সংক্রান্ত কঠোর পদক্ষেপগুলো অবিলম্বে বন্ধের দাবি তুলেছেন। এই বিক্ষোভে অভিবাসী পরিবারগুলোর পাশাপাশি সাধারণ মার্কিন নাগরিক ও মানবাধিকার কর্মীরাও অংশ নেন।

বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার মিনিয়াপলিসে তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও প্রায় ৫০ হাজার মানুষ মিছিলে যোগ দিয়ে শহরটির টার্গেট সেন্টারের সামনে জড়ো হন। 

বিক্ষোভের কারণে মিনেসোটাজুড়ে কয়েক ডজন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং অনেক শ্রমিক কাজ ফেলে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা শ্লোগান দেন যে, অভিবাসীরা মার্কিন সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের জোরপূর্বক বিতাড়ন অমানবিক।এই বিশাল বিক্ষোভের মাত্র একদিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিনিয়াপলিস সফর করেন। তিনি মূলত ‍‍`ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট‍‍` (আইসিই) কর্মকর্তাদের মনোবল বাড়াতে সেখানে গিয়েছিলেন।

 

ভ্যান্স সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছিলেন যে, যারা অভিবাসন আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের আটক ও বিতাড়ন করতে আইসিই একটি গুরুত্বপূর্ণ ও বড় মাপের অভিযান পরিচালনা করছে। প্রশাসনের এই অনড় অবস্থানের প্রতিবাদেই মূলত বিক্ষোভের এই বিশাল স্ফুলিঙ্গ তৈরি হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রে বড় ধরণের সামাজিক ও রাজনৈতিক বিভাজন তৈরি করছে।

 মিনিয়াপলিসের এই বিক্ষোভ অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে, জাতীয় নিরাপত্তা ও আইনের শাসন রক্ষায় তারা তাদের অভিবাসন পরিকল্পনা থেকে পিছিয়ে আসবে না। অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলো আদালতের মাধ্যমে এই কঠোর নীতি চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে।