ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৪৫ পিএম
আফগানিস্তান যদি শান্তির বিষয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়, তবে দেশটিতে পুনরায় সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। বুধবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হুঁশিয়ারি দেন। তিনি জানান, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কয়েকটি মিত্র দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।
খাজা আসিফ স্পষ্ট করে বলেন, কাবুল যদি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তবে ইসলামাবাদ নতুন করে হামলা চালাতে কোনো দ্বিধা করবে না।
মূলত গত বছরের অক্টোবর থেকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সেই সময় আফগান সীমান্ত থেকে পাকিস্তানের একটি চৌকিতে বিনা উসকানিতে হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগান তালেবান সরকার তাদের মাটিতে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার ব্যর্থ হচ্ছে। এর পাশাপাশি ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করার অভিযোগ এনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নয়াদিল্লি, কাবুল এবং উগ্রবাদী গোষ্ঠীগুলো একই সমান্তরালে অবস্থান করছে।সাক্ষাৎকারে খাজা আসিফ আরও উল্লেখ করেন, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই।
এছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন আবাসভূমি নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন কোনো পদক্ষেপ বিবেচনা করা হবে না। তবে পরিস্থিতি অনুকূল থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তান অবদান রাখতে প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে পাকিস্তান ও আফগানিস্তানের এই বৈরী সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন