ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:১৩ এএম
ইরানে গত মাসের ভয়াবহ রক্তক্ষয়ী দমনের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের সরকারবিরোধী আন্দোলনে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাজধানী তেহরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে শুরু করে আমিরকাবির ইউনিভার্সিটি পর্যন্ত সবখানেই শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
নতুন সেমিস্টার শুরুর দিনেই শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির সমালোচনা করে কড়া স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভ চলাকালে তেহরানের বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শরিফ ইউনিভার্সিটির কাছে সরকারপন্থীরা পাল্টা সমাবেশ করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। শুধু তেহরান নয়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদেও বড় ধরনের ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সেখানে শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে রাজপথে সোচ্চার হন। আজ রোববারও বিভিন্ন স্থানে নতুন করে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে এই বিক্ষোভ থেকে কাউকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি।ইরানের এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি গত মাসে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া একটি বৃহত্তর আন্দোলনের অংশ।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, ১৯৭৯ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় গণবিক্ষোভ। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা হরানা দাবি করেছে, গত দফার আন্দোলনে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের তথ্যানুযায়ী নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে অনেক শিশু এবং সাধারণ বিক্ষোভকারী রয়েছেন। অন্যদিকে ইরান সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার ১০০ বলে জানানো হয়েছে এবং তাদের দাবি হতাহতদের মধ্যে বড় একটি অংশই নিরাপত্তা বাহিনীর সদস্য বা সাধারণ নাগরিক।
অভ্যন্তরীণ এই সংকটের মাঝেই আন্তর্জাতিক মহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে বোঝা যাবে এই ইস্যুতে কোনো সমঝোতা হবে নাকি সামরিক পদক্ষেপ নেওয়া হবে। সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার খবর পাওয়া গেলেও পরিস্থিতির চূড়ান্ত মোড় কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। প্রবাসে থাকা ইরানি বিরোধী দলগুলোর মধ্যে বিদেশি হস্তক্ষেপ নিয়ে মতভেদ থাকলেও দেশটির ভেতরে শিক্ষার্থীদের এই প্রতিবাদ বর্তমান সরকারকে নতুন করে চাপের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন