ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:২৩ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি এই মন্তব্য করে বলেন যে পুতিনকে থামানো এখন বিশ্ব সম্প্রদায়ের জন্য জরুরি হয়ে পড়েছে। এই যুদ্ধে ইউক্রেন হারছে না বরং শেষ পর্যন্ত বিজয় লাভ করবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
একই সাথে তিনি পুতিনের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নিতে সাফ অস্বীকৃতি জানিয়েছেন।জেলেনস্কি বলেন যে রাশিয়া চায় ইউক্রেন তার কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে সরে আসুক।
কিন্তু ওই সব এলাকা দখল করতে গিয়ে রাশিয়া ইতিমধ্যে তাদের হাজার হাজার সৈন্য হারিয়েছে। কিয়েভ কোনোভাবেই রাশিয়ার এই অযৌক্তিক দাবি মেনে নেবে না। পুতিন রাশিয়ার জীবনযাপনের ভিন্ন একটি পদ্ধতি বিশ্বের ওপর চাপিয়ে দিতে চান এবং মানুষের নিজস্ব জীবনধারা বদলে দিতে চান বলে জেলেনস্কি মন্তব্য করেন।
তিনি মনে করেন পুতিনের ওপর আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি করে তাকে পিছু হটতে বাধ্য করাই এখন একমাত্র সমাধান।রাশিয়া দাবি করেছে যে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় ডোনেৎস্কের ২০ শতাংশ এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন ও জাপোরিঝঝিয়ার বিশাল অংশ তাদের ছেড়ে দিতে হবে। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন যে তিনি বিষয়টিকে কেবল ভূমি হিসেবে দেখেন না।
বরং নিজের এলাকা ছেড়ে দেওয়া মানে হচ্ছে সেখানে বসবাসরত লাখো মানুষকে পরিত্যাগ করা এবং ইউক্রেনীয়দের অবস্থান দুর্বল করা। এই ধরনের পিছু হটার সিদ্ধান্ত ইউক্রেনীয় সমাজকে বিভক্ত করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ফলে কোনোভাবেই এই ত্যাগ স্বীকার করা সম্ভব নয় বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন