রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৫৬ পিএম

যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা

কাবুলে বিমান হামলা

শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি প্রধান শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এর মাধ্যমে প্রতিবেশী দেশ দুটির মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। ইসলামাবাদ দাবি করেছে সীমান্তে পাকিস্তানি সামরিক স্থাপনায় তালেবান বাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী দুই পক্ষের সংঘাত ও বিমান হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৮০ ছাড়িয়ে গেছে। আফগানিস্তানের কাবুল ছাড়াও কান্দাহার এবং পাকতিকা এলাকায় এই অভিযান পরিচালনা করে পাকিস্তান বিমান বাহিনী।

পাকিস্তান এই বিশেষ সামরিক অভিযানের নাম দিয়েছে ‘গজব লিল হক’। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে আফগান তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। এতে তালেবানের ১৩৩ জন সদস্য নিহত এবং দুই শতাধিক সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। 

তিনি এক বার্তায় স্পষ্ট করেছেন যে আফগানিস্তানের সঙ্গে এখন পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। মূলত গত ২২ ফেব্রুয়ারি পাকিস্তানে হওয়া একাধিক আত্মঘাতী হামলার প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।সংঘাতের সূত্রপাত হয়েছিল চলতি মাসের শুরুতে পাকিস্তানে হওয়া কয়েকটি বড় ধরণের আত্মঘাতী হামলার পর। গত ১৫ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখওয়া প্রদেশে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। 

এর পরদিন ১৬ ফেব্রুয়ারি বাজৌরে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে করা হামলায় আরও ১১ জন সেনা নিহত হয়। এছাড়া ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান সরাসরি তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে দায়ী করে। পাকিস্তানের দাবি টিটিপি আফগানিস্তানে বসে তাদের নেতাদের নির্দেশে এসব নাশকতা চালিয়েছে।

এরই প্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি পাকিস্তান প্রথম দফায় আফগানিস্তানে বিমান হামলা চালায় যাতে অনেক বেসামরিক নাগরিকও হতাহত হন। তালেবান সরকার এই হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং বড় ধরণের সামরিক অভিযানের হুমকি দেয়। বৃহস্পতিবার রাতে সীমান্তে তালেবানের পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ‘গজব লিল হক’ নামের এই বিশাল অভিযান শুরু করে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক অঞ্চল হিসেবে চিহ্নিত হচ্ছে যেখানে সার্বভৌমত্ব রক্ষার দোহাই দিয়ে দুই দেশই বার বার রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হচ্ছে। গত বছরের অক্টোবরেও দুই দেশের মধ্যে বড় ধরণের সংঘাত হয়েছিল যেখানে ৭০ জনের মৃত্যু ঘটেছিল। তবে এবারের সংঘাতের মাত্রা আগের চেয়ে অনেক বেশি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।