বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাতের ইতি টানার আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ১১:১২ এএম

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাতের ইতি টানার আহ্বান

নেতানিয়াহুকে মোদির ফোন

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মোদি এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। 

ফোনালাপে তিনি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানান এবং দ্রুত সামরিক সংঘাতের ইতি টানার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জোরালো আহ্বান জানান।

নরেন্দ্র মোদি তার বিবৃতিতে উল্লেখ করেন যে আলোচনার সময় তিনি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন যে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। ভারত সব সময় শান্তির পক্ষে এবং এই সংঘাতের অবিলম্বে অবসান চায় বলে তিনি পুনর্ব্যক্ত করেন। 

মূলত গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সরাসরি লড়াই শুরু হয়েছে তা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।গত শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বড় ধরনের বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ও পদস্থ সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। 

এই পাল্টা হামলায় ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এবং জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে।ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগে নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও ফোনে কথা বলেন। 

আমিরাতের ওপর হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে মোদি বলেন যে ভারত এই কঠিন সময়ে ভ্রাতৃপ্রতিম দেশটির পাশে রয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা নিরসনে ভারতের এই দ্বিমুখী কূটনৈতিক তৎপরতা বিশ্ব রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দিল্লি সব পক্ষকেই সংযম প্রদর্শনের মাধ্যমে আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ জানিয়ে যাচ্ছে।