মার্চ ৬, ২০২৬, ০৯:১৯ পিএম
নেপালের সাধারণ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। প্রাথমিক ভোট গণনায় দেশটির তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং ‘জেন-জি’ সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন এই দলটি এখন পর্যন্ত সিংহভাগ আসনে এগিয়ে থেকে নেপালের প্রথাগত ও প্রাচীন রাজনৈতিক দলগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
শুক্রবার সন্ধ্যায় কাঠমান্ডু পোস্টের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপাল পার্লামেন্টের মোট ১৬৮টি আসনের মধ্যে ১১০টিতেই আরএসপি এগিয়ে রয়েছে। এর মধ্যে ৩টি আসনে তাদের জয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে।
অন্যদিকে নেপালের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল নেপালি কংগ্রেস মাত্র ১০টি আসনে এগিয়ে রয়েছে এবং তারা ২টিতে জয় পেয়েছে। এই ফলাফল নেপালের রাজনীতিতে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দলগুলোর প্রভাব হ্রাসের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
গত বছর নেপালে তরুণদের নেতৃত্বে পরিচালিত তীব্র সরকারবিরোধী আন্দোলন এবং তার পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই আন্দোলনে পুলিশের দমন-পীড়নে অন্তত ৭৭ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর পরিস্থিতির অবনতি হলে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেই রক্তক্ষয়ী আন্দোলনের প্রায় ছয় মাস পর অনুষ্ঠিত এই নির্বাচনে তরুণ ভোটাররা আমূল পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরএসপির এই অভাবনীয় সাফল্যের পেছনে মূলত জেন-জি বা নতুন প্রজন্মের ভোটারদের একচেটিয়া সমর্থন কাজ করেছে। বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে সক্ষম হয়েছেন। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার কড়া সমালোচনা এবং আধুনিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি তাকে তরুণদের কাছে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গত বছরের গণআন্দোলনের ঢেউ এবং রাজনৈতিক পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষাই এবারের ব্যালট বক্সে ফুটে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন