মার্চ ১০, ২০২৬, ১২:৫৮ পিএম
ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। একই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর গুরুতর আহত হয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে চাঞ্চল্যকর এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা অকাট্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি সংবাদমাধ্যমটি।
তাসনিম নিউজের এই প্রতিবেদন মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জনৈক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের নামধারী একটি অ্যাকাউন্টের পোস্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে নেতানিয়াহুর সরকারি বাসভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ফার্সি ভাষায় প্রকাশিত ওই প্রতিবেদনে হামলার স্বপক্ষে সরাসরি কোনো ভিডিও বা ছবি দেওয়া হয়নি। বরং কিছু পরিস্থিতির ওপর ভিত্তি করে দাবিটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও প্রকাশিত না হওয়া এবং তার বাসভবনের আশপাশে নিরাপত্তা অস্বাভাবিকভাবে জোরদার করা। এছাড়া মার্কিন বিশেষ দূতদের সফর স্থগিত হওয়ার তথ্যকেও তারা এই খবরের সপক্ষে যুক্তি হিসেবে ব্যবহার করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দপ্তরের রেকর্ড অনুযায়ী গত ৭ মার্চ নেতানিয়াহু শেষবার জনসমক্ষে এসেছিলেন যখন তিনি বিরশেবা এলাকায় আহতদের দেখতে যান।
উল্লেখ্য যে ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রচারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও গত ২ মার্চ বেশ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম একই ধরনের খবর প্রকাশ করেছিল যেখানে দাবি করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে। তবে পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনহুয়াসহ বিভিন্ন সংস্থা সেই খবরকে পুরোপুরি ভিত্তিহীন গুজব বলে প্রমাণ করেছিল। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই ধরনের অসমর্থিত খবর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ পাঠকদের এই ধরনের স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্রের বিবৃতির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তাসনিম নিউজ


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন