শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৭:৪৫ পিএম

ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন

নিরাপত্তা পরিষদের বৈঠক

প্রায় দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এবার আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রস্তাবিত উদ্যোগের বিরুদ্ধে ঢাল হিসেবে অবস্থান নিয়েছে মস্কো ও বেইজিং। 

শুক্রবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের এক বিশেষ বৈঠকে এই দুই শক্তিশালী দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের অভিযোগের সপক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টা করলেও রাশিয়া ও চীন তা সরাসরি নাকচ করে দেয়।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ১৭৩৭ কমিটির কার্যক্রম পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেয়। ওয়াশিংটনের এই প্রস্তাব শুরু থেকেই রাশিয়া ও চীনের বাধার মুখে পড়ে। 

তবে ভোটাভুটিতে শেষ পর্যন্ত ১১-২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাস হয় যেখানে দুটি দেশ ভোটদান থেকে বিরত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন যে মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে গিয়ে বিশ্ব নিরাপত্তার স্বার্থকে চরমভাবে উপেক্ষা করছে।অন্যদিকে রাশিয়া ও চীন অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা জিইয়ে রাখার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে। 

তারা মনে করে একতরফা নিষেধাজ্ঞা ও সামরিক উসকানি অঞ্চলটির পরিস্থিতি আরও জটিল করে তুলবে। নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি বিশ্ব রাজনীতির মেরুকরণকে নতুন করে উসকে দিয়েছে যেখানে মধ্যপ্রাচ্য ইস্যুতে পরাশক্তিগুলোর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া ও চীনের এই প্রকাশ্য সমর্থন ইরানের জন্য যেমন স্বস্তির তেমনি এটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।