মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ইসরাইলের তেল শোধনাগার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০৪:২৪ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ইসরাইলের তেল শোধনাগার

হামলায় ক্ষতিগ্রস্ত শোধনাগার

ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ হাইফা তেল শোধনাগারে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবারের এই হামলার ফলে স্থাপনাটির কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার ইসরাইলের অয়েল রিফাইনারিজ কোম্পানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

তারা জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে শোধনাগারটির বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।বিবৃতিতে কোম্পানিটি আরও উল্লেখ করে যে, ক্ষেপণাস্ত্রটি বিশেষ করে একটি সার্ভিস সুবিধায় আঘাত হানে যা শোধনাগারের কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য।

 যদিও এই সার্ভিস সুবিধাটি একটি তৃতীয় পক্ষের মালিকানাধীন, তবে এর ওপর পুরো শোধনাগারের বিদ্যুৎ ব্যবস্থা নির্ভরশীল ছিল। হামলার পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শোধনাগারের বেশ কিছু ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 

তবে বড় ধরণের এই হামলার পরও শোধনাগারের অধিকাংশ উৎপাদন ইউনিট এখনো সচল রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।ইসরাইলি অয়েল রিফাইনারিজ কোম্পানি জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো ধীরে ধীরে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তারা আশা প্রকাশ করছে যে, আগামী কয়েক দিনের মধ্যেই শোধনাগারটির পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে। 

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে এই হামলাটি ইসরাইলের জ্বালানি খাতের ওপর একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ধরণের আঘাত পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।