মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০৪:৪৬ পিএম

ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

নিহত জেনারেল আলী নায়িনি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর প্রচার করেছে। 

আজ ভোরে চালানো এক আকস্মিক হামলায় তিনি প্রাণ হারান বলে জানা গেছে।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আইআরজিসি জেনারেল নায়িনির মৃত্যুর খবরটি প্রকাশ করে। 

ইরানের মেহর নিউজের বরাত দিয়ে তুর্কি টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল নায়িনি নিহতের আগে এক বিবৃতিতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেশের সামরিক সক্ষমতার কথা জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম এবং এই লড়াই অব্যাহত থাকবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে তিনি বলেছিলেন যে এই লড়াই থামবে না।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন জেনারেল নায়িনির এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় নতুন মাত্রা যোগ করবে। আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এই হামলাটি তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরান এই ঘটনায় শোক প্রকাশ করেছে তবে তারা তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

জেনারেল নায়িনি আইআরজিসির মুখপাত্র হিসেবে তেহরানের সামরিক ও কৌশলগত বয়ান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তার মৃত্যুতে ইরানের সামরিক নেতৃত্বের কাঠামোতে সাময়িক শূন্যতা তৈরি হতে পারে। এই হামলার পর ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে এবং তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয় কি না সেদিকেই এখন সবার নজর।