মার্চ ২০, ২০২৬, ০৫:০৫ পিএম
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে ঈদের জামাতে অংশ নিতে আসা শত শত মুসল্লিকে মসজিদের ফটক ও আশপাশের বিভিন্ন সড়কে নামাজ আদায় করতে হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক দামেস্ক গেট এলাকাসহ মসজিদের নিকটবর্তী স্থানগুলোতে বিপুল সংখ্যক মুসল্লি জড়ো হয়েছিলেন। তবে ইসরায়েলি সেনারা মসজিদের চত্বরের মূল প্রবেশপথগুলো বন্ধ করে দিলে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি।
নামাজ পড়তে না পেরে মুসল্লিরা মসজিদের প্রবেশপথের সামনেই রাস্তায় জায়নামাজ বিছিয়ে জামাতে শরিক হন। ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের পদক্ষেপের মূল লক্ষ্য হলো ওই অঞ্চলে একটি নতুন ইহুদিকরণ বাস্তবতা চাপিয়ে দেওয়া। একইসঙ্গে আল-আকসা মসজিদকে তার ফিলিস্তিনি ও ইসলামি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসেবেও এটিকে দেখা হচ্ছে।জেরুজালেমের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঈদের সকালে আল-আকসা অভিমুখে যাওয়ার প্রতিটি রাস্তায় কড়া নিরাপত্তা চৌকি বসানো হয়েছিল।
বিশেষ করে তরুণ ও মধ্যবয়সীদের মসজিদে প্রবেশে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হতে হয়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ ইসরায়েল ধারাবাহিকভাবে তাদের ধর্মীয় আচার পালনে বাধা দিয়ে আসছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। উৎসবের দিনে এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনা নিয়ে এরই মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন