মার্চ ২০, ২০২৬, ০৬:৫৩ পিএম
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী নামাজে অংশ নিতে আসা সাধারণ মানুষের ওপর অতর্কিত টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।
মুসল্লিদের ছত্রভঙ্গ করতে তারা সেখানে ব্যাপক অভিযান চালায় যার ফলে পুরো এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে আগে থেকেই আল-আকসা মসজিদে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
বিশেষ করে ঈদুল ফিতরের দিন যেকোনো ধরনের বড় জমায়েত রুখতে তারা আগেভাগেই কঠোর অবস্থান গ্রহণ করে। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই আজ সকালে নামাজ শুরুর প্রাক্কালে মুসল্লিদের ওপর এই বলপ্রয়োগের ঘটনা ঘটল।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সেখানে শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে তবে ফিলিস্তিনিরা একে ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন।পর্যবেক্ষকদের মতে পবিত্র ঈদের দিনে আল-আকসা প্রাঙ্গণে এই হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে এমনিতেই অস্থিরতা বিরাজ করছে তার ওপর এমন সংবেদনশীল দিনে ধর্মীয় আচার পালনে বাধার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল-আকসা মসজিদে নামাজ আদায়ে আসা ফিলিস্তিনিদের ওপর এই ধরনের হামলাকে অনেক দেশই মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এই ঘটনার পর পুরো জেরুজালেম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন