মার্চ ২৯, ২০২৬, ১১:০০ এএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আঘাত লাগলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বিমানবন্দরের রাডার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
যদিও এই বিস্ফোরণে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ঘন ঘন হামলার সাইরেন বাজার কারণে পুরো অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেভেন নিউজ জানিয়েছে, ড্রোন হামলার ফলে বিমানবন্দরের একটি বড় অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় দেশের আকাশে অন্তত ১৫টি ড্রোন শনাক্ত করেছে যার মধ্যে কয়েকটি সরাসরি বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়।
চলমান এই সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধাবস্থার কারণে ইরান-সমর্থিত ড্রোনগুলো বারবার কুয়েতের এই প্রধান বিমানবন্দরে আঘাত হানছে বলে ধারণা করা হচ্ছে।আল জাজিরা আরবির প্রতিবেদন অনুযায়ী, কুয়েত সিটিতে স্থানীয় সময় মধ্যরাতের পর দ্বিতীয়বারের মতো বিমান হামলার সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজানো হয়েছে।
এর আগে গত ২৪ মার্চের হামলায় যাত্রী টার্মিনালেরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই এমন সতর্ক সংকেত বাজার বিষয়টি এখন কুয়েতের সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার ফলে ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন