সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে প্রথম বার্তা দিলেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০২:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে প্রথম বার্তা দিলেন মাদুরো

বন্দি নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ফেডারেল কারাগারে তিন মাস বন্দি থাকার পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। শনিবার মাদুরোর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে তারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

প্রায় তিন মাস আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মার্কিন কমান্ডোরা এক ঝটিকা অভিযানের মাধ্যমে এই দম্পতিকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি জীবন কাটাচ্ছেন।

কারাগার থেকে পাঠানো ওই বার্তায় এই দম্পতি জানান যে তারা শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট ভালো আছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা অত্যন্ত শান্ত ও অটল থেকে নিরন্তর প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। 

পোস্টে আরও উল্লেখ করা হয় যে দেশ ও বিদেশের অসংখ্য মানুষের পাঠানো যোগাযোগ, চিঠি এবং ভালোবাসা তাদের মানসিক শক্তি জুগিয়েছে। তবে মাদুরোর পক্ষ থেকে ঠিক কে বা কারা এই পোস্টটি পরিচালনা করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভেনেজুয়েলা সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে যে মাদুরো কারাগারে নিয়মিত বাইবেল পাঠ করছেন এবং তার মনোবল অটুট রয়েছে।

ব্রুকলিনের এই কারাগারটি সাধারণত অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পরিচিত হলেও সেখানে মাদুরোর বিশেষ জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। সূত্রটি জানায় যে সেখানকার অনেক সহবন্দি তাকে প্রেসিডেন্ট সম্বোধন করে কথা বলেন। কারাগারের নিয়ম অনুযায়ী মাদুরোকে তার পরিবার এবং আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য প্রতি কলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় বরাদ্দ দেওয়া হয়। মাদুরো এবং তার স্ত্রী তাদের বার্তায় বর্তমান কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের ঐক্যবদ্ধ থাকার সক্ষমতাকে শ্রদ্ধা জানিয়েছেন। ভেনেজুয়েলার ভেতরে ও বাইরে থেকে যারা তাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বার্তাটি শেষ করা হয়।