এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৫৪ এএম
ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতি খুব শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) সম্প্রচারিত সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্পকে সরাসরি যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন। তিনি বলেন, আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে, হ্যাঁ।
নিজের বক্তব্যের ওপর বিশেষ জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে। তবে এই যুদ্ধ কীভাবে বা কোন প্রক্রিয়ায় শেষ হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা রূপরেখা প্রদান করেননি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ এবং আকাশসীমা নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি চলছে, তখন প্রেসিডেন্টের এমন দাবি নতুন কোনো সমঝোতার ইঙ্গিত হতে পারে। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান নিজেই একটি চুক্তিতে আসার জন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে। ফক্স নিউজের এই সাক্ষাৎকার সেই দাবিরই একটি ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
তবে ট্রাম্পের এই মন্তব্যের বিপরীতে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরান বরাবরই তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং হরমুজ প্রণালীর ওপর নিজেদের অধিকারের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে শেষ হয় নাকি অন্য কোনো কৌশলগত সমীকরণে রূপ নেয়, সেটিই এখন দেখার বিষয়। ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বৈশ্বিক শেয়ার বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন