শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১২:০৭ এএম

মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার

রাজস্থানে রিফাইনারিতে ভয়াবহ আগুন

ভারতের রাজস্থান রাজ্যে একটি নবনির্মিত তেল শোধনাগারের আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক একদিন আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) রাজ্যের বালোট্রা জেলার পাচপাদরা এলাকায় অবস্থিত এই রিফাইনারিটিতে আগুন লাগে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই মেগা প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা থাকলেও অগ্নিকাণ্ডের জেরে সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেলে হঠাৎ করেই শোধনাগারটির একটি অংশে আগুনের সূত্রপাত হয়। 

মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনাস্থল থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস ও শোধনাগারের নিজস্ব অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। 

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রাজস্থানের পাচপাদরা এলাকায় অবস্থিত এই বিশাল প্রকল্পটি ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স হিসেবে পরিচিত। এটি রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের যৌথ মালিকানায় নির্মিত হয়েছে। 

ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং খনিজ তেলের আমদানির ওপর নির্ভরতা কমাতে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এখান থেকে উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্য আগামী দিনে ভারতের বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা রয়েছে।উল্লেখ্য যে, এই প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল এক দশকেরও বেশি সময় আগে। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রথমবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 

পরবর্তীতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পটির নকশায় পরিবর্তন এনে এবং নির্মাণ ব্যয় বাড়িয়ে পুনরায় নতুনভাবে এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেন। কয়েক বছরের টানা কাজের পর প্রকল্পটি উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছিল। তবে উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে পুরো আয়োজনটি থমকে গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পর উদ্বোধনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।