এপ্রিল ২৮, ২০২৬, ১১:৪৫ এএম
চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় তাঁদের বহনকারী রাজকীয় উড়োজাহাজ অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেস-এ অবতরণ করে।বিমানবন্দরে আগমনের পর রাজা ও রানিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টীয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি।
তাঁদের সম্মানে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সামরিক ব্যান্ড দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করে। দুই শিশু ফুল দিয়ে রাজদম্পতিকে বরণ করে নেয়।সফরের অংশ হিসেবে রাজা ও রানি হোয়াইট হাউসে যান।
সেখানে তাঁদের স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসে তাঁরা প্রথমে একটি ব্যক্তিগত চা চক্রে অংশ নেন এবং পরে গার্ডেন পার্টিতে যোগ দেন।২০০৭ সালের পর কোনো ব্রিটিশ সম্রাটের এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর।
ওই সময় রানি দ্বিতীয় এলিজাবেথ ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এরপর দীর্ঘ ১৮ বছর আর কোনো ব্রিটিশ সম্রাট দেশটিতে সফরে যাননি।বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দূরত্ব এবং প্রিন্স অ্যান্ড্রুর বিভিন্ন কেলেঙ্কারির প্রেক্ষাপটে ব্রিটিশ রাজদম্পতির এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সফরের মধ্য দিয়ে দুই ঐতিহাসিক মিত্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন