এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৫৮ এএম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বুধবার (২৯ এপ্রিল)। সকাল ৭টা থেকে রাজ্যের সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশ সীমান্তে আরোপ করা হয়েছে বিশেষ কড়াকড়ি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে রাজ্যের নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান—এই সাতটি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব এলাকার প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকেই ইভিএম ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ বুথে পৌঁছাতে শুরু করেন।
এর আগে গত ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। ওই ধাপে প্রায় ৯২ শতাংশ ভোটার অংশ নেন। বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই নির্বাচনে।এদিকে ভোট উপলক্ষে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে বাংলাদেশ অভিমুখী সড়কগুলোতে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।
সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল সীমিত রাখা হয়েছে। গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে এবং ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে।বিভাগীয় ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সীমান্ত এলাকায় ২৬ এপ্রিল সন্ধ্যা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানচলাচলে কড়াকড়ি থাকবে। প্রতিটি ভোটকেন্দ্র এবং স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন