মে ৪, ২০২৬, ০৭:৫৭ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ফলের প্রতিক্রিয়ায় এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি তাঁর অফিশিয়াল হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’নরেন্দ্র মোদি তাঁর পোস্টে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে চিরস্মরণীয় হিসেবে উল্লেখ করেন।
এই জয়কে তিনি জনগণের শক্তির জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির বিজয় হিসেবে অভিহিত করেছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানিয়ে মোদি বলেন, জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন।
দলের পক্ষ থেকে আশ্বাস দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করা হবে। নতুন সরকার এমনভাবে কাজ করবে যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে বলে তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ফলাফলের এই ধারা সামনে আসার পর থেকেই রাজ্যজুড়ে বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্যাপনে মেতে উঠেছেন। এর পাশাপাশি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় বেশ কয়েকজনের নাম ঘুরে বেড়াচ্ছে। এই আলোচনায় রয়েছেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাবেক সভাপতি দিলীপ ঘোষ এবং স্বপন দাশগুপ্ত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকেই আসবে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন