মে ৪, ২০২৬, ১০:২১ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে একাধিক মুসলিম প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেছেন। ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, মালদা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে মুসলিম প্রার্থীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই সবচেয়ে বেশি সংখ্যক আসন নিজেদের দখলে নিয়েছেন।
তৃণমূলের বাইরে আইএসএফ, কংগ্রেস, সিপিএম এবং এজেইউপির কয়েকজন প্রার্থীও নিজ নিজ আসনে বিজয়ী হতে সক্ষম হয়েছেন।রাজধানী কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কসবা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং রাজ্যের সাবেক মন্ত্রী জাভেদ খান পুনরায় তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
২০ হাজার ৯৭৪ ভোটের ব্যবধানে তিনি প্রতিপক্ষকে পরাজিত করে জয় ধরে রাখেন। কলকাতার আরেক প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম ৫৬ হাজার ৪৯০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন।
এছাড়া মেটিয়াব্রুজ কেন্দ্র থেকেও তৃণমূল প্রার্থী আব্দুল খালেক মোল্লা বড় সাফল্য পেয়েছেন। তিনি ৮৭ হাজার ৮৭৯ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।মুর্শিদাবাদ জেলা বরাবরই মুসলিম প্রার্থীদের শক্তির জায়গা হিসেবে পরিচিত। এবারও সেখানে তৃণমূলের আধিপত্য ছিল লক্ষ্যণীয়। এই জেলার জলঙ্গী কেন্দ্র থেকে বাবর আলি, হরিহরপাড়া থেকে নিয়ামত সেখ এবং শামশেরগঞ্জ থেকে মুহাম্মদ নূর আলম জয়ী হয়েছেন। একই জেলার ভরতপুর থেকে মুস্তাফিজুর রহমান এবং সাগরদিঘি থেকে বায়রন বিশ্বাস ঘাসফুল শিবিরের হয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। তবে চমক দেখিয়েছেন এজেইউপি প্রার্থী হুমায়ুন কবীর। তিনি রেজিনগর ও নওদা এই দুই কেন্দ্র থেকেই বিজয় অর্জন করেছেন।
উত্তর ২৪ পরগণা জেলাতেও তৃণমূলের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেগঙ্গা কেন্দ্র থেকে আনিসুর রহমান বিদেশ এবং হাড়োয়া থেকে আব্দুল মাতিন জয়ী হয়েছেন। বসিরহাট উত্তর কেন্দ্র থেকে তৌসিফুর রহমান এবং বসিরহাট মূল কেন্দ্র থেকে বুরহানুল মুকাদ্দিম লিটন তৃণমূলের হয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় কেন্দ্র থেকে আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী জয়লাভ করে রাজ্য রাজনীতিতে পুনরায় আলোচনায় উঠে এসেছেন। এই জেলার ক্যানিং পূর্ব থেকে বাহারুল ইসলাম এবং মগরাহাট পশ্চিম থেকে শামীম আহমেদ তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
মালদার সুজাপুর কেন্দ্রে তৃণমূলের সাবিনা ইয়াসমিন এবং বীরভূমের হাসন কেন্দ্র থেকে কাজল শেখ বিজয়ীর হাসি হেসেছেন। বিরোধী দলগুলোর মধ্যে মুর্শিদাবাদের ফারাক্কা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মাহাতাব সেখ এবং রাণীনগর থেকে কংগ্রেসের জুলফিকার আলি জয় পেয়েছেন। ডোমকল কেন্দ্র থেকে সিপিএমের মোস্তাফিজুর রহমান রানা জয়ী হয়ে বাম শিবিরের মান রক্ষা করেছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত আসনগুলোতে তৃণমূলের প্রভাব অটুট থাকলেও কয়েকটি কেন্দ্রে কংগ্রেস ও বামফ্রন্টের উপস্থিতি বেশ জোরালো ছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন