মে ৪, ২০২৬, ১১:০৫ পিএম
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় একটি পেট্রোলিয়াম শিল্প স্থাপনায় ইরানের ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) ফুজাইরাহ মিডিয়া অফিস জানিয়েছে, হামলার পর ওই শিল্পস্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে।সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলার কিছু সময় আগে ইরান থেকে দেশটির দিকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে এবং একটি সাগরে গিয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্র হামলার অল্প সময়ের মধ্যেই এই ড্রোন হামলার ঘটনা উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ফুজাইরাহ।
এখানে এ ধরনের হামলার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে ক্রমবর্ধমান এই হামলাকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এর আগে হরমুজ প্রণালিতে একটি জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল, যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন