রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

আন্তর্জাতিক ডেস্ক

মে ৫, ২০২৬, ১০:৫৫ এএম

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৬টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল ১৪৮টি আসন। মঙ্গলবার প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের আসন ভবানীপুরে ১৫ হাজার ১১৪ ভোটে পরাজিত হয়েছেন। সেখানে জয় পেয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। ভোট গণনা শেষে শুভেন্দু অধিকারী পান ৭৩ হাজার ৪৬৩ ভোট। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৫৮ হাজার ৩৪৯ ভোট। এর আগে নন্দীগ্রামেও শুভেন্দুর কাছে হেরেছিলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির এই জয়কে রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে এক শর বেশি আসনে ভোট চুরির অভিযোগ তুলেছেন। 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ করা হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।বিজেপির এই জয়ের পর এখন রাজনৈতিক মহলে মূল আলোচনা চলছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নিয়ে। এই পদের বড় দাবিদার হিসেবে উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নামও আলোচনায় রয়েছে। তিনি ২০২৪ সাল থেকে রাজ্যসভার সদস্য।

কর্মীদের মাঝে জনপ্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও এই তালিকায় আছে। নির্বাচনে তিনি খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর বাইরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নামও শোনা যাচ্ছে, যিনি এবার মাথাভাঙ্গা কেন্দ্র থেকে লড়েছেন।সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য রূপা গাঙ্গুলীও রয়েছেন। শহরকেন্দ্রিক ভোটারদের মধ্যে প্রভাব থাকা রূপা গাঙ্গুলী এবারের নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।