মে ৮, ২০২৬, ১০:৩৫ এএম
ভারতের তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে) প্রধান বিজয় হুঁশিয়ারি দিয়েছেন যে, একক বৃহত্তম দল হিসেবে তাকে সরকার গঠনের সুযোগ না দেওয়া হলে তার দলের ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।
শুক্রবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের অনুমতি চান বিজয়। তবে রাজ্যপাল তাকে কোনো স্পষ্ট আশ্বাস দেননি। রাজভবন সূত্রে জানানো হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের স্বাক্ষর করা সমর্থনপত্র না পেলে টিভিকে-কে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এবার কোনো দল বা জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অভিনেতা বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে তাঁর দলের কার্যকর বিধায়ক সংখ্যা ১০৭। অন্যদিকে ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪টি এবং এডিএমকে-বিজেপি জোট ৫৩টি আসনে জয়ী হয়েছে।বিধানসভা নির্বাচনে ডিএমকে এককভাবে ৫৯টি আসনে জিতলেও বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পরাজিত হয়েছেন। স্ট্যালিনের জোটসঙ্গী কংগ্রেস পাঁচটি আসনে জিতেছে। অন্যদিকে সাবেক মুখ্যমন্ত্রী পলানীস্বামীর দল এডিএমকে ৪৭টি এবং তাদের সহযোগী বিজেপি একটি ও পিএমকে চারটি আসন পেয়েছে।
কংগ্রেস ইতোমধ্যে বিজয়কে সমর্থনের ঘোষণা দিলেও ম্যাজিক ফিগার ১১৮ ছুঁতে এখনো বিজয়ের আরও ১১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন।রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে, বিজয়কে ক্ষমতায় আসা থেকে ঠেকাতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে এবং এডিএমকে একজোট হতে পারে। এমন পরিস্থিতির মাঝেই বিজয় ১০৭ বিধায়কের গণপদত্যাগের হুমকি দিলেন।সবকিছু ঠিক থাকলে শনিবার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে। রাজ্যপাল এখন অন্য দলগুলোর পদক্ষেপ এবং আইনি পরামর্শ পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন