বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২৬, ০৮:৫২ পিএম

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে যাচ্ছে ব্রিটিশ যুদ্ধজাহাজ।

মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’ মোতায়েন করা হচ্ছে। হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য উন্মুক্ত রাখতে গঠিত একটি বহুজাতিক মিশনে অংশ নিতে এই যুদ্ধজাহাজটি পাঠানো হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রেস অ্যাসোসিয়েশন সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে ভবিষ্যৎ বহুজাতিক মিশনে এই যুদ্ধজাহাজটি কাজ করবে। 

দ্রুত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এটিকে আগে থেকেই প্রস্তুত রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে গঠিত বহুজাতিক জোটের সদস্য হিসেবে দেশটি এই দায়িত্ব পালন করবে। 

মুখপাত্র আরও উল্লেখ করেন, এইচএমএস ড্রাগনকে আগে থেকেই কৌশলগত অবস্থানে পাঠানো একটি সতর্কতামূলক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে উদ্ভূত পরিস্থিতিতে প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রস্তুত থাকবে।বর্তমানে এইচএমএস ড্রাগন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থান করছিল। সেখানে এটি সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। সেখান থেকেই জাহাজটিকে এখন মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহনের জন্য এই প্রণালিটি অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। নৌচলাচল নির্বিঘ্ন রাখতে ব্রিটিশ সরকার নিয়মিতভাবে এই অঞ্চলে তাদের নৌবাহিনীর উপস্থিতি বজায় রাখে। এবারের এই মোতায়েনকেও সেই চলমান নিরাপত্তার অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।